শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন অরিগন রাজ্যের গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক সরকার পরিচালনায় গতিশীল ও দূরদর্শী নেতৃত্ব প্রদান এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাসে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অরিগন রাজ্যের সফররত গভর্নর থিওগের কুলংগস্কি।আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন যুক্তরাষ্ট্রের অরিগন রাজ্যের গভর্নর। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।থিওগের কুলংগস্কি বলেন, বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জোরালো উপস্থিতির মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশ যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছে।বৈঠকে রাজ্য অংশীদারিত্ব কর্মসূচির আওতায় বাংলাদেশ ও অরিগন রাজ্যের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের সঙ্গে ৬২টি দেশের সামরিক সহযোগিতা রয়েছে।এ ছাড়া বৈঠকে বাংলাদেশের বর্তমান সরকারের দারিদ্র্য বিমোচন, নতুন শিক্ষানীতি, খাদ্য নিরাপত্তা, কৃষি, বাণিজ্য ও অর্থনীতি এবং আইসিটি ও কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ে আলোচনা গুরুত্ব লাভ করে।শেখ হাসিনা বলেন, যে সময় অধিকাংশ শক্তিশালী অর্থনীতি ভীষণভাবে ধাক্কা খাচ্ছিল, সে সময় তাঁর সরকারের কার্যকর ও সময়োচিত পদক্ষেপের ফলে বাংলাদেশের অর্থনীতির অবনমন রোধ করা সম্ভব হয়েছিল। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় তাঁর সরকারের দূরদর্শী ও সময়োচিত পদক্ষেপের সুবাদে বাংলাদেশের অর্থনীতি রক্ষা পেয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ তার সম্পর্কের মূল্যায়ন করে এবং আগামী দিনে গুরুত্বপূর্ণ এই সম্পর্ক আরও জোরদার হবে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, অ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়া উদ্দিন, প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লাহ ওয়াহিদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। —বাসস