শেখ হাসিনার বিরুদ্ধে করা ফ্রিগেট কেনায় দুর্নীতি মামলা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফ্রিগেট (যুদ্ধজাহাজ) কেনায় দুর্নীতির অভিযোগে করা মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বিগত চারদলীয় জোট সরকারের আমলে এ মামলা করা হয়েছিল। এ নিয়ে আড়াই মাসের ব্যবধানে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে করা আটটি মামলা উচ্চ আদালতের রায়ে বাতিল বা অবৈধ ঘোষিত হলো। ফ্রিগেট কেনায় দুর্নীতির মামলা বাতিলের জন্য শেখ হাসিনার আবেদনের ওপর ২৮ এপ্রিল উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১৮ মে রায়ের দিন ধার্য করেছিলেন। গতকাল আদালত রায়ে মামলাটি বাতিল করেন। আদালতে শেখ হাসিনার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে সৈয়দ মিজানুর রহমান মামলা পরিচালনা করেন। রায় প্রসঙ্গে শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনার ক্ষেত্রে ফ্রিগেট ক্রয়-সংক্রান্ত মামলার সব কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। ফ্রিগেট ক্রয়ের সব প্রক্রিয়া জোট সরকারের আমলে সম্পন্ন হয়। এমনকি মূল্যায়ন কমিটির প্রতিবেদন ১৯৯৬ সালের ১২ জুন দেওয়া হয়। রাজনৈতিক হয়রানির হাতিয়ার হিসেবে মামলাটি করা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তাপস বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চারদলীয় জোট সরকারের আমলে নয়টি ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে চারটি মামলা করা হয়। এর মধ্যে বেপজায় পরামর্শক-সংক্রান্ত মামলাটি আগামী সপ্তাহে শুনানির জন্য আসবে। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না—এমন প্রশ্নে দুদকের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান প্রথম আলোকে জানান, রায়ের অনুলিপি পাওয়ার পর দুদক এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।প্রসঙ্গত, ২০০২ সালের ৭ আগস্ট তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো তেজগাঁও থানায় শেখ হাসিনা, ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুসহ পাঁচজনের বিরুদ্ধে ফ্রিগেট কেনায় দুর্নীতির মামলা করে। এতে ফ্রিগেট কেনায় অনিয়ম-দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের ৭৪৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। ২০০৩ সালের ৩ আগস্ট ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই বছরের ১৮ অক্টোবর মামলাটি বাতিলের জন্য শেখ হাসিনা হাইকোর্টে আবেদন করেন। ২০০৩ সালের ১০ নভেম্বর আদালত মামলাটির কার্যক্রম স্থগিত করেন। মামলাটি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও দেন আদালত। গতকাল রুল গ্রহণ করে আদালত রায় দেন। বাতিল বা অবৈধ হওয়া সাত মামলা: একই বেঞ্চ ১৩ মার্চ শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা, ১৩ এপ্রিল ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির মামলা ও ২২ এপ্রিল মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির মামলা বাতিল করেন। নাইকো দুর্নীতির মামলা হয়েছিল বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ৪ মার্চ হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ নভোথিয়েটার প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগে জোট সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে করা তিনটি মামলা অবৈধ ঘোষণা করেন। ৯ মার্চ একই আদালত মিগ-২৯ দুর্নীতির মামলার কার্যক্রম বাতিল করেন।