শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তিনটি মামলা অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাসানী নভোথিয়েটার প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিএনপি-জামায়াত জোট আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পৃথক তিনটি মামলা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তিন দিন উভয় পক্ষের শুনানি শেষে এ রায় দেন।বিভিন্ন আইন ও রায়ের নজির তুলে ধরে আদালত বলেন, ‘দুদক চেয়ারম্যান ও অপর সদস্যদের সমন্বয়ে কমিশন গঠিত হবে। কোনো একক ব্যক্তি কমিশন হিসেবে কাজ করতে পারেন না। চার্জশিট দেওয়ার জন্য কমিশন চেয়ারম্যানের একক সিদ্ধান্ত এখতিয়ারবহির্ভূত। আইনের দৃষ্টিতে এটি চিঠি নয়। চিঠিটি আইনগত কর্তৃত্ববহির্ভূত। এর ভিত্তিতে পরবর্তী কার্যক্রমের আইনগত ভিত্তি নেই। এজাহারে যদি কোনো অভিযোগ না থাকে, তাহলে তদন্ত করার কর্তৃত্বও থাকে না। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ নেই।’রায়ে বলা হয়, “ঘটনা বিশ্লেষণে দেখা যায়, এজাহারে অপরাধের কোনো সারবত্তা নেই। এই এজাহার যদি চলতে দেওয়া হয়, তাহলে আবেদনকারীকে হয়রানি করার সুযোগ দেওয়া হবে। চিঠি বাতিল করার পর, মামলা চলতে দেওয়া হলে তা হবে ন্যায়বিচার পরিপন্থী ও সাংঘর্ষিক। একই ঘটনায় একাধিক মামলা চলতে পারে না। শেখ হাসিনার বিরুদ্ধে অসত্ উদ্দেশ্যে এবং তাঁকে হেয়প্রতিপন্ন করার জন্য মামলা করা হয়েছে। রুল ‘অ্যাবসলিউট’ (গৃহীত) করা হলো।”প্রায় পাঁচ বছর পর গত ২ ও ৩ মার্চ নভোথিয়েটার-সংক্রান্ত শেখ হাসিনার করা দুটি রিটের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেন। সকালে অপর রিটটির ওপর শুনানি শেষে বেলা ১২টায় রায় দেওয়া শুরু করে পৌনে একটায় রায় শেষ করেন আদালত। আদালতে শেখ হাসিনার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক ও শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী এ কে এম ফজলুল হক ও সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আক্রাম হোসেন চৌধুরী। প্রতিক্রিয়া: রায়ের পর রফিক-উল হক সাংবাদিকদের বলেন, ‘সাক্ষী-স্মারক দেওয়ার চিঠি অবৈধ ঘোষণা করেছেন আদালত। আদালত মামলা তিনটি বাতিল ঘোষণা করেছেন। এক-এগারোর সময় শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর মামলা বাতিল করে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান যেমন যুগান্তকারী রায় দিয়েছিলেন, তেমন রায় পেয়েছি।’ দুদকের আইনজীবী এ কে এম ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘আদালত মামলা তিনটি অবৈধ ঘোষণা করেছেন। এ অর্থে মামলাগুলো বাতিল হলো। আপিল করা হবে কি না, বিষয়টি লিখিতভাবে কমিশনকে অবহিত করব। এ বিষয়ে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।’শেখ হাসিনার অপর আইনজীবী ফজলে নূর বলেন, বিএনপি সরকার আমলে মামলা তিনটি করা হয়। ওই সময় রিট করা হলে আদালত রুল ও মামলার কার্যক্রম স্থগিতাদেশ দেন। এক চিঠিতে দুদক চেয়ারম্যান অভিযোগপত্র দিতে নির্দেশ দিয়েছিল—ওই চিঠিটি অবৈধ ঘোষণার পাশাপাশি আদালত মামলা তিনটি বাতিল করেছেন। একই ঘটনায় একাধিক মামলা চলতে পারে না বলে রায়ে বলা হয়েছে। আদালত অঙ্গনে উপস্থিত মওদুদ আহমদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘রায়ে খুশি। কোনো সরকারের আমলে রাজনীতিবিদদের বিরুদ্ধে এ ধরনের মামলা হওয়া উচিত নয়।’ ফিরে দেখা মামলা: ভাসানী নভোথিয়েটার নির্মাণ প্রকল্পে পরামর্শক নিয়োগ, ভবন নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় বৃদ্ধির অভিযোগে তেজগাঁও থানায় তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো শেখ হাসিনা, প্রয়াত শাহ্ এ এম এস কিবরিয়া, এইচ কে সাদেক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে ২০০২ সালের ২৭ মার্চ পৃথক তিনটি মামলা করে। এতে ২০০১ সালের ১০ জুলাই একনেকের সভায় চূড়ান্ত স্থাপত্য নকশা, কারিগরি অনুমোদন ও প্রাক্কলিত ব্যয় চূড়ান্ত না করেই একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের ৫২ কোটি ২৮ লাখ ২১ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। পরে মামলাগুলো দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়। ২০০৫ সালের ২৪ আগস্ট দুদক কর্মকর্তার স্বাক্ষরে চেয়ারম্যানের সভার নির্দেশের কথা উল্লেখ করে তদন্ত কর্মকর্তার উদ্দেশে পাঠানো এক চিঠিতে মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্তকাজ শেষ করে সাক্ষ্য-স্মারক দিতে বলা হয়। মূলত এর বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনা ২০০৫ সালে হাইকোর্টে পৃথক তিনটি রিট দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৭ অক্টোবর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মামলার কার্যক্রম স্থগিত করেন ও রুল জারি করেন। মামলাগুলো কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানাতে সরকার ও দুদকের প্রতি এ রুল জারি করা হয়। রুলের শুনানি শেষে গতকাল আদালত রায় দেন। হাসিনার অপর মামলা: জোট আমলে ও বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে ১৬টি মামলা করা হয়। গতকাল তিনটি মামলা অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। তিনটি চাঁদাবাজি মামলা বাতিল বা প্রত্যাহার করা হয়েছে। অপর মামলাগুলো আদালতে শুনানির জন্য রয়েছে।