শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো মামলা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। মামলাটি বাতিল করতে শেখ হাসিনার করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।আজ বেলা ১১টা ১৩ মিনিটে শুনানি শুরু হয়। শুনানি শেষে বিকেল তিনটা ৫০ মিনিটে আদালত রায় দেন। এর আগে গতকাল মামলাটি বাতিলের আবেদনের ওপর আংশিক শুনানি অনুষ্ঠিত হয়।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর বিদেশি প্রতিষ্ঠান নাইকোকে অবৈধভাবে গ্যাস উত্তোলনের সুযোগ দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সাব্বির হাসান। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নাইকো রিসোর্সকে অবৈধভাবে এক হাজার ৭৯৪ বিসিএফ গ্যাস উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকা আর্থিক ক্ষতি করেছেন।এ মামলার দায় থেকে অব্যাহতির জন্য শেখ হাসিনা ২০০৮ সালে হাইকোর্টে মামলাটি বাতিলের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৭ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মামলার কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি মামলাটি কেন খারিজ করা হবে না, তা জানাতে সরকার ও দুদকের প্রতি রুল জারি করেন আদালত। এরপর ওই রুলের ওপর গতকাল বেলা ১১টা থেকে মাঝে বিরতি দিয়ে বিকেল চারটা ১০ মিনিট পর্যন্ত শুনানি গ্রহণ করেন আদালত। আদালতে শেখ হাসিনার পক্ষে আইনজীবী রফিক-উল হক, শেখ ফজলে নূর তাপস শুনানি করেন। তাঁদের সহায়তা করেন আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।