শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎকেন্দ্র দুর্নীতির মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপন দুর্নীতির মামলা খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট।গতকাল মঙ্গলবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ নিয়ে গত এক মাস ১০ দিনের ব্যবধানে উচ্চ আদালতের রায়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা পৃথক ছয়টি মামলা খারিজ ও বাতিল হলো।রায়ের পর শেখ হাসিনার আইনজীবী শেখ ফজলে নূর তাপস প্রথম আলোকে বলেন, যথাযথ আইন অনুসরণ না করেই মামলাটি করা হয়েছে। প্রধানমন্ত্রীকে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে হয়রানি করতে এ মামলা করা হয়। আদালত মামলাটি বাতিল ঘোষণা করেছেন। অনুমোদন ছাড়াই এফআইআর দায়ের, অভিযোগপত্র দাখিল এবং মামলা আমলে নিয়ে বিচার পর্যন্ত টেনে নেওয়া হয়েছে। অনুরোধপত্রের ভিত্তিতে মামলাটি আমলে নেওয়ায় আদালত অবাক হয়েছেন বলেও জানান তিনি।দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘সাক্ষ্য গ্রহণ পর্যায়ে মামলা বাতিল হতে পারে না—আদালতে এ যুক্তি তুলে ধরেছি। তবে রায়ের বিরুদ্ধে আপিলের অনেক যুক্তি রয়েছে। দুদকের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ জানা যায়, ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক সাব্বির হাসান বাদী হয়ে শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। এ মামলাটি বাতিলের জন্য শেখ হাসিনা হাইকোর্টে আবেদন করলে ২০০৮ সালের ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ মামলার কার্যক্রম স্থগিত করেন। সেই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানাতে সরকার ও দুদকের পক্ষে রুল জারি করেন। এ রুলের ওপর গত মাসের শেষ সপ্তাহে ও ৭ এপ্রিল শুনানি শেষে আদালত ১৩ এপ্রিল রায়ের দিন ধার্য করেন।ছয় মামলা বাতিল: ১৩ মার্চ একই আদালত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলাটি বাতিল ঘোষণা করে রায় দেন। গত ৪ মার্চ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ নভোথিয়েটার প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিএনপি-জামায়াত জোটের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পৃথক তিনটি মামলা অবৈধ ঘোষণা করে রায় দেন। গত ৯ মার্চ একই আদালত জোট আমলে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিগ-২৯ দুর্নীতির মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন।