শেখ হাসিনার বিরুদ্ধে বেপজায় পরামর্শক নিয়োগ মামলার রায় রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেপজায় পরামর্শক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় দেওয়া হবে আগামী রোববার। মামলাটি বাতিলের জন্য শেখ হাসিনার করা আবেদনের ওপর আজ মঙ্গলবার শুনানি শেষে আদালত রায়ের এ দিন ধার্য করেন।উভয় পক্ষে শুনানি শেষে আজ বিকেলে বিচারপতি মো. শামসুল হুদা ও আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেওয়ার দিনক্ষণ নির্ধারণ করেন।দুদকের পক্ষে সৈয়দ মিজানুর রহমান ও শেখ হাসিনার পক্ষে শেখ ফজলে নূর তাপস ও মেহেদী হাসান চৌধুরী মামলাটি পরিচালনা করেন।শেখ হাসিনার কৌঁসুলি মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, বেপজায় পরামর্শক নিয়োগসংক্রান্ত মামলাটি বাতিল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। মামলার রায় দেওয়া হবে আগামী রোববার।২০০১ সালের ১১ ডিসেম্বর তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।২০০২ সালের ১৮ জুন এই মামলার অভিযোগপত্র দেওয়া হয়। এতে রাষ্ট্রের দুই কোটি ১০ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। মামলাটি বাতিল চেয়ে শেখ হাসিনা হাইকোর্টে আবেদন করলে ওই বছরের ১৪ ডিসেম্বর মামলার কার্যক্রম স্থগিত করা হয়। মামলাটি কেন বাতিল ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।এ রুলের ওপর শুনানি শেষে আদালত আজ বিকেলে রায়ের এই দিন ধার্য করেন।