শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলা বাতিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চারদলীয় জোট সরকারের আমলে দায়ের করা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র প্রকল্প দুর্নীতি মামলা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। শেখ হাসিনার আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত রায়ে বলেছেন, এফআইআরে শেখ হাসিনার নাম ছিল না। পরে চার্জশিটে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হলেও তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনো উপাদান নেই। এ বিবেচনায় আদালত মামলাটি বাতিল ঘোষণা করে রায় দিচ্ছেন।২০০১ সালের ১১ ডিসেম্বর রমনা থানায় তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো (দুদক) জ্বালানি ও বিদ্যুত্মন্ত্রী রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলাটির এফআইআর দাখিল করেন। সেখানে ১৭ কোটি ৪২ লাখ টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।২০০২ সালের ১৪ অক্টোবরে দাখিল করা চার্জশিটে শেখ হাসিনা ও বর্তমান যোগাযোগমন্ত্রী আবুল হোসেনসহ চারজনকে মামলাটিতে অভিযুক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ওই বছরই মামলাটি বাতিলের আবেদন করলে আদালত মামলাটি কেন বাতিল করা হবে না, এর কারণ দর্শাতে সরকারের প্রতি রুল জারি করেন এবং মামলার কার্যক্রম স্থগিত করেন।এ বছরের চলতি মাসে শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।শেখ হাসিনার আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী আরও জানান, একই আদালতে ফ্রিগেট যুদ্ধজাহাজ ক্রয় ও বেপজায় পরামর্শক নিয়োগসংক্রান্ত দুর্নীতির দুটি মামলা বাতিলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আবেদন শুনানির অপেক্ষায় আছে। আগামী বুধবার আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।সাত মামলা বাতিল: এ নিয়ে চলতি বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সাতটি দুর্নীতির মামলা খারিজ করলেন দেশের উচ্চ আদালত। ১৩ এপ্রিল বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুেকন্দ্র স্থাপন দুর্নীতি মামলা খারিজ করে দেন। ১৩ মার্চ একই আদালত বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলাটি বাতিল ঘোষণা করে রায় দেন। গত ৪ মার্চ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ নভোথিয়েটার প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিএনপি-জামায়াত জোট আমলে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পৃথক তিনটি মামলা অবৈধ ঘোষণা করে রায় দেন। গত ৯ মার্চ একই আদালত জোট আমলে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ দুর্নীতি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন।