শেখ হাসিনার মিগ-২৯ দুর্নীতি মামলা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিগ-২৯ যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে করা মামলা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনও অবৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ নিয়ে গত ছয় দিনে শেখ হাসিনার বিরুদ্ধে জোট সরকারের আমলে করা পৃথক চারটি দুর্নীতির মামলা হাইকোর্টের রায়ে অবৈধ ও বাতিল হলো।রাশিয়ায় নির্মিত আটটি মিগ-২৯ যুদ্ধবিমান কেনায় দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনাসহ অভিযুক্ত অন্যরা রাষ্ট্রের প্রায় ৭০০ কোটি টাকা আর্থিক ক্ষতি করেছেন বলে মামলায় অভিযোগ আনা হয়।তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ২০ আগস্ট এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনা হাইকোর্টে রিট দায়ের করলে ওই বছরের ১৯ সেপ্টেম্বর একটি দ্বৈত বেঞ্চ মামলার কার্যক্রম স্থগিত করেন। এ ছাড়া অভিযোগ গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি রুল জারি করা হয়। এ রুলের ওপর গত ৭ ও ৮ মার্চ চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় দেন আদালত। সকাল ১০টা ৫০ মিনিট থেকে সোয়া একটা পর্যন্ত দেওয়া রায়ে আদালত বলেন, সরকারের উচ্চপর্যায়ের প্রভাবে অসত্ উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে, যা অর্থহীন। আবেদনকারীর (শেখ হাসিনা) ভাবমূর্তি ও জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে মামলাটি করা হয়েছে। আইনের দৃষ্টিতে মামলার যৌক্তিকতা ছিল না। মামলার এফআইআর, ১৬১ ধারায় সাক্ষীর জবানবন্দি, দণ্ডবিধির ৪০৯ ও দুদক আইনের ৫(২) ধারায় অভিযোগ উত্থাপন করা হয়েছে। কিন্তু ঘটনা বিশ্লেষণে এসব ধারা অনুযায়ী—অর্থ আত্মসাত্ বা রাষ্ট্রের সঙ্গে প্রতারণা, বিশ্বাস ভঙ্গের অপরাধের কোনো উপাদান প্রকাশিত হয়নি। তাই যেসব ধারায় মামলা করা হয়েছে, তার উপাদান বিদ্যমান না থাকায় মামলাটির আইনগত ভিত্তি নেই।রায়ে আরও বলা হয়, এর মাধ্যমে আবেদনকারীর মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের সুপ্রিম কোর্ট এবং হাউস অব লর্ডসের একাধিক রায়ের নজির তুলে ধরে এতে বলা হয়, এফআইআর ও অভিযোগপত্রে কোনো অপরাধের উপাদান না থাকলে তা বাতিল হওয়া সমীচীন। এ হিসেবে মামলার নথিতে অভিযোগসংক্রান্ত অপরাধের উপাত্ত নেই। তাই রুল ‘অ্যাবসলিউট’ করা হলো। মামলার কার্যক্রম বাতিল করা হলো।আদালতে শেখ হাসিনার পক্ষে আইনজীবী রফিক-উল হক, আবদুল মতিন খসরু, শেখ ফজলে নূর তাপস, মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী প্রমুখ মামলা পরিচালনা করেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এম এ আজিজ খান। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী। অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে বক্তব্য দেন আইনজীবী আনিসুল হক ও মওদুদ আহমদ। রায়ের পর শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, ‘মামলাটি খারিজ করে রায় দিয়েছেন আদালত। শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই জোট সরকারের আমলে মামলাটি করা হয়েছিল। সত্য ও ন্যায় সব সময়ই প্রকাশ পায়, তা আবার প্রমাণিত হলো।’ দুদকের আইনজীবী এম এ আজিজ খান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায় ইতিমধ্যে কমিশনকে অবহিত করা হয়েছে। আপিল প্রশ্নে তিনি বলেন, কমিশন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। মিগ-২৯ মামলা: বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০১ সালের ১১ ডিসেম্বর মিগ-২৯ যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ এনে রাজধানীর তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মামলা করেন তত্কালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ। এতে রাষ্ট্রের প্রায় ৭০০ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ২০ আগস্ট শেখ হাসিনার অনুপস্থিতিতে এ মামলার অভিযোগ গঠন করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনা হাইকোর্টে রিট দায়ের করেন। এর আগে গত ৪ মার্চ হাইকোর্টের একই বেঞ্চ নভোথিয়েটার প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পৃথক তিনটি মামলা অবৈধ ঘোষণা করে রায় দেন। শুনানির অপেক্ষায়: শেখ হাসিনার বিরুদ্ধে বিগত জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা ভাসমান বিদ্যুেকন্দ্র ও নাইকোসহ পৃথক পাঁচটি মামলা হাইকোর্টের বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত অন্য একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য রয়েছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত আদালতের দৈনন্দিন কার্যতালিকায় ফৌজদারি বিবিধ মোকদ্দমা হিসেবে এ মামলাগুলো শুনানির জন্য ৬৯ থেকে ৭৩ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল। শেখ হাসিনার আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আগামীকাল (বুধবার) এর মধ্যে ক্রমিক অনুযায়ী ভাসমান বিদ্যুেকন্দ্র মামলাটির শুনানি হতে পারে।’