শেখ হাসিনার সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাক্ষাত্
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল সিনিয়র শিক্ষার্থী বাংলাদেশ ও ব্রিটেনের রাজনৈতিক প্রকৃতি ও সংস্কৃতি বিষয়ে প্রাতিষ্ঠানিক আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল স্যুটে দেখা করেছেন। বৈঠক সম্পর্কে অবগত কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার রাতে বাসসকে জানান, বিশ্ববিদ্যালয়ের কৌতূহলী শিক্ষার্থীরা বাংলাদেশের সমকালীন ইতিহাস ও সংস্কৃতি এবং শেখ হাসিনার নিজস্ব রাজনৈতিক পটভূমি সম্পর্কেও গভীর আগ্রহ ব্যক্ত করেন।আলোচনার সঙ্গে সংশ্লি¬ষ্ট এক কর্মকর্তা বলেন, ২১ বছর বয়সী আইনের ছাত্র রাসেল প্রধানমন্ত্রীর কাছে ১৯৭৫ সালে তাঁর ব্যক্তিগত ট্র্যাজেডি সম্পর্কে জানতে চান।ওই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মা, তিন ভাই ও দুই ভাবিকে হত্যার পর কোন পরিস্থিতিতে এবং কীভাবে রাজনীতিতে যোগ দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব নেন এবং দেশে আইনের শাসন পুনরুদ্ধারে একটি গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন, তার সংক্ষিপ্ত বর্ণনা দেন।ওই কর্মকর্তা শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আমি আমার দেশের মানুষের মধ্যে আমার পরিবারের সদস্যদের খুঁজে পেতে চেষ্টা করি। আমি আমার পিতার সব অসমাপ্ত কাজ সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমার পিতা জনগণের কল্যাণ নিশ্চিত করতে তাঁর গোটা জীবন উত্সর্গ করেছিলেন।’শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু জনগণকে কতটা ভালবাসতেন, আর বিনিময়ে জনগণ তাকে কতটা ভালবাসতো, আমি দেখেছি। এ এক অসাধারণ অনুভূতি, যা আমাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছে।’কর্মকর্তারা জানান, অক্সফোর্ডের শিক্ষার্থীরা বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির তুলনামূলক বিশ্লে¬ষণ, তাদের দর্শন, সাংগঠনিক কাঠামো, লক্ষ্য-উদ্দেশ্য ও প্রেক্ষাপট সম্পর্কে জানতেও আগ্রহ প্রকাশ করেন।কর্মকর্তা বলেন, ড্যানিয়েল নামের এক শিক্ষার্থী বাংলাদেশের বিরোধী দলের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে তাঁর ব্যক্তিগত ও দলের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা সত্ত্বেও প্রধান বিরোধী দল জাতীয় সংসদে তাদের সঠিক ভূমিকা পালন করছে না।শেখ হাসিনা বলেন, এটি আমাদের দেশে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি অন্তরায়। বিরোধী দলের সদস্যদের তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকার জনগণের পক্ষে কথা বলার জন্য সংসদে যোগ দেয়া উচিত, কেননা জনগণ তাঁদের সে জন্যই ভোট দিয়েছেন।’ তিনি বলেন, তাঁর সরকার সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছে। এ প্রচেষ্টায় বিরোধী দলের সম্পূরক ভূমিকাও বহুল প্রত্যাশিত। শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলা, নারীর ক্ষমতায়ন, আইনের শাসন নিশ্চিতকরণ, সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং সরকারের বিভিন্ন নীতি-কৌশল তুলে ধরেন।পররাষ্ট্রনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতির জনকের গৃহীত ‘সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়’ এই নীতির ওপর প্রতিষ্ঠিত।প্রধানমন্ত্রী ব্রিটিশ শিক্ষার্থীদের বাংলাদেশ সফরের এবং বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা বিনিময়ের আমন্ত্রণ জানান।শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা সিদ্দিক, রিজেন্টস পার্কের কাউন্সিলর টিউলিপ সিদ্দিক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ সময় উপস্থিত ছিলেন। —বাসস