শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন: তোফায়েল
ভোলা-২ আসনের সাংসদ ও শিল্প মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেছেন, ‘সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ, আর খালেদা জিয়া বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবেন না। তিনি বারবার দেশ বিক্রি করার অভিযোগ তুলে দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছেন। আমরা দেশ স্বাধীন করেছি, আমরা দেশকে বিক্রি করতে পারি না। এর চেয়ে সংসদে এসে আলোচনা করুন।’আজ শুক্রবার বিকেলে ভোলা নতুনবাজার চত্বরে সদর উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান-ইউপি সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, ‘বিরোধী দলের নেত্রী নতুন নেতৃত্ব সৃষ্টি করবেন, মানে ছেলে! যিনি গত পাঁচ বছর হাওয়া ভবনে বসে সর্বোচ্চ দুর্নীতি করেছে। যাদের পায়ের তলায় মাটি নেই, তারাই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে। বরাবরই আওয়ামী লীগের সময় নিরপেক্ষ নির্বাচন হয়েছে। বগুড়া, হবিগঞ্জের উপনির্বাচন তারই প্রমাণ।’তোফায়েল আহমেদ আরও বলেন, ‘আমাদের সরকার ১০ হাজার টাকায় ল্যাপটপ দিচ্ছে। সাগর মোহনা কুকরি-মুকরিতে বসেও ইন্টারনেট-সুবিধা পাওয়া যাচ্ছে। দেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হচ্ছে, আমরা দ্রব্যমূল্যও ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা শুধু প্রতিটি ওয়ার্ডে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।’ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামানের আয়োজনে ও সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলী নেওয়াজ।