শেখপাড়ার নারীদের এখন ফুরসত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের ঘরে ইতিমধ্যেই পেঁয়াজ উঠে গেছে। ধান কাটতেও আর বেশি দেরি নেই। এ অবস্থায় দম ফেলার সময় নেই বেড়া পৌর এলাকার শেখপাড়ার নারীদের। দিনরাত তাঁরা বাঁশের চাটাই, ডোল (ধানসহ বিভিন্ন ফসল রাখার বড় পাত্র) ও খলপা (পেঁয়াজের মাচা তৈরিতে লাগে) তৈরি করে যাচ্ছেন। কারণ কৃষকেরা বাঁশের তৈরি এ সামগ্রীগুলোতেই সাধারণত ধান, পেঁয়াজ সংরক্ষণ করেন। শুধু বেড়া উপজেলাই নয়, পার্শ্ববর্তী সাঁথিয়া, সুজানগর, চৌহালী ও শাহাজাদপুর উপজেলার কৃষকদের চাটাই, ডোল ও খলপার চাহিদার বড় অংশই পূরণ করে থাকেন শেখপাড়ার নারীরা। সরেজমিন ঘুরে দেখা গেছে, মহল্লার বেশির ভাগ বাড়ির আঙ্গিনায় চলছে চাটাই ও ডোল তৈরির কাজ। আর যাঁরা কাজ করছেন, তাঁরা সবাই নারী। আলাপকালে তাঁরা জানান, বাঁশ কাটা থেকে শুরু করে ডোল ও চাটাই তৈরির যাবতীয় কাজ তাঁরা নিজেরাই করেন। পুরুষেরা শুধু এগুলো বিক্রি ও বাঁশ সংগ্রহের কাজে সহায়তা করেন। চাটাই ও ডোল তৈরি করতে প্রয়োজন হয় মাকলা নামের বিশেষ এক শ্রেণীর বাঁশ। স্থানীয় পর্যায়ে এ বাঁশ উৎপাদিত হয় না। উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এ বাঁশ কিনে এ এলাকায় আনেন। খোঁজ নিয়ে জানা গেছে, শেখপাড়া মহল্লার নারীরা বাঁশজাত এই হস্তশিল্পের সঙ্গে জড়িত কয়েক যুগ ধরে। প্রথম দিকে সীমিত কয়েকটি পরিবারের নারীরা এ কাজ করলেও এখন মহল্লার অধিকাংশ নারী এর সঙ্গে জড়িত। পাঁচ থেকে সাত বছর আগেও মহাজনেরা এই হস্তশিল্পের কাজ নিয়ন্ত্রণ করতেন। মহাজনের টাকায় তখন বাঁশ কিনতে হতো বলে ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হতেন নারীরা। কিন্তু এখন দিন পাল্টেছে। বিভিন্ন এনজিও ও নিজেদের গড়া সমিতি থেকে সহজ শর্তে ঋণ নিয়ে তাঁরা এখন ইচ্ছেমতো বাঁশ কিনে চাটাই ও ডোল তৈরি করে বাজারজাত করছেন। আরেক বাঁশশিল্পী হাসি খাতুন (৩২) বলেন, ‘এ বছর পেঁয়াজ আর ধান খুব ভালো হইছে। এ জন্যে ডোল, চাটাই আর খলপা বানাইন্যার চাপে আমরা দম ফেলার সময় পাত্যাছি না। এবার আমাগরে রোজগারও খুব ভালো।’এ মহল্লার নারী সমিতির উদ্যোক্তা ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিখা রাহা বলেন, ‘শেখপাড়ার নারীরা সত্যিই খুব পরিশ্রমী। সংসারের কাজ সামলে বাঁশজাতসামগ্রী তৈরির মাধ্যমে তাঁরা যেভাবে আয় করেন, তা অবশ্যই অনুকরণীয়। মহল্লার অনেক নারীই এই হস্তশিল্পের মাধ্যমে ভাগ্য ফিরিয়েছেন।’