শেজাদী খুন: ১৫ দিনেও ময়নাতদন্ত প্রতিবেদন নেই
১৫ দিন পরও ময়নাতদন্ত প্রতিবেদন চূড়ান্ত না হওয়ায় চিকিৎসক শেজাদী আপসা হত্যাকাণ্ড ধামাচাপা পড়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁর ঘনিষ্ঠজনেরা। হত্যার মূল আসামি সেনাবাহিনীর কর্মকর্তা শফিকুল ইসলামের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এখন পর্যন্ত জানা যায়নি। গ্রেপ্তার হননি অন্য আসামিরাও। জানা যায়, শেজাদী খুন হওয়ার পর তাঁর মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একটি বোর্ড গঠন করে। ওই বোর্ডের প্রধান কে পি সাহা আজ মঙ্গলবার সকালে প্রথম আলো ডট কমকে জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষার জন্য কিছু নমুনা নিয়ে গেছে। ওই প্রতিবেদন পাওয়ার আগে কিছু করার নেই। কবে নাগাদ ওই প্রতিবেদন পাওয়া যাবে, সে সম্পর্কে কে পি সাহা কিছু জানাতে পারেননি। নিহত চিকিৎসকের ঘনিষ্ঠ সূত্রের দাবি, তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা শুরু থেকে হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে আসছিলেন। তাঁদের দাবি, শেজাদী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, যাঁর দেহের ওজন ছিল ৮৫ কেজির মতো, তাঁর পক্ষে বাথরুমের শাওয়ারে ঝুলে আত্মহত্যা করাটা মোটেও যুক্তিসংগত নয়। ময়নাতদন্তে গঠিত বোর্ডের সদস্যদের অপরাধ সংঘটনের স্থান পরিদর্শনে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেখানে কেউ যাননি। হত্যাকাণ্ডের পর পুলিশ শেজাদীর যে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে, তাতেও বলা হয়েছে, শেজাদীর ঘাড়ের পেছনে আঘাতের চিহ্ন আছে। গলায় কোনো চিহ্নের কথা বলা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক শেজাদীর একজন সহপাঠীর ভাষ্য, কোনো মহল ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ না করার জন্য চাপ দিচ্ছে বলে তাঁরা আশঙ্কা করছেন।সূত্র জানায়, সেনাবাহিনী ওই ঘটনা তদন্তে একটি কমিটি করেছে। শফিকুলকে সেনা সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে ও তাঁর কমান্ড প্রত্যাহার করা হয়েছে। কিন্তু তাঁর চূড়ান্ত শাস্তি হওয়াটা নির্ভর করছে ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর। হত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে শেজাদীর ভাই পেশায় চিকিৎসক মো. জাভেদ হোসেন মো.শফিকুল ইসলামের ভাই মফিজউদ্দিন, বন্ধু আবদুল বাতেন ও ইমদাদুল হক তালুকদার সোহেলের বিরুদ্ধে মামলা করেন। তাঁদের কাউকে পুলিশ এখনো গ্রেপ্তার করেনি।হত্যাকাণ্ড তদন্ত করছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো.আইয়ূব। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, শেজাদীকে হত্যা করা হয়েছে, না তিনি আত্মহত্যা করেছেন, সেটা জানা জরুরি। বিষয়টি না জেনে কাউকে গ্রেপ্তার করা ঠিক হবে না। তিনি জানান, ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য তিনি পরপর দুটি চিঠি দিয়েছেন মেডিকেল বোর্ড বরাবর। ১৩ মে চিকিত্সক শেজাদী আপসাকে তাঁর স্বামী লে. কর্নেল মো. শফিকুল ইসলাম ময়নামতি ক্যান্টনমেন্টের বাসায় রড দিয়ে পিটিয়ে খুন করেন বলে নিহত চিকিৎসকের স্বজনদের অভিযোগ। তাঁরা জানান, একমাত্র ছেলে আহনাফ ইনতিসারের জন্য ১০ বছর ধরে শেজাদী তাঁর ওপর চলা সব বর্বরতা মুখ বুজে সহ্য করে আসছিলেন। লে. কর্নেল মো. শফিকুল ইসলাম শেজাদীকে এমবিবিএস পাস করার পর আর পড়াশোনা বা চিকিৎসাসেবা কোনোটাই করতে দেননি। প্রথম আলো ডটকমকে শেজাদীর ভাই জাভেদ বলেন, যেকোনো মূল্যে তিনি তাঁর বোনের হত্যাকারীর বিচার চান।