শেবাগ-দম্ভ চূর্ণ প্রথম দিনটা সাকিবদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্পচূর্ণ, অহংকারের পতন নাকি দাঁতভাঙা জবাব! কী বলবেন একে? বলতে পারেন তিনটাই। ম্যাচ শেষে সাকিব আল হাসান দুহাত দুদিকে মেলে যেন উড়ে বের হতে চাইলেন মাঠ থেকে। আর বীরেন্দর শেবাগ? দিনের ১৫ ওভার পর থেকে তো দৃশ্যপটেই নেই তিনি! দিন শেষে মাঠ ছাড়ার সময় যখন দেখা মিলল, মুখে অন্ধকার। শচীন টেন্ডুলকারের পাশে বড় অনুজ্জ্বল এক চলমান মূর্তি যেন। ফিফটি করলেও বড় ইনিংস খেলতে পারেননি, কুয়াশা আর আলোকস্বল্পতায় ১২০ মিনিট কম খেলা হওয়া দিনেই ২১৩ রানে ৮ উইকেট নেই ভারতের—শেবাগের অহংকার তো উধাও হবেই।ত্রিদেশীয় সিরিজে ছিল শিশিরের আলোচনা, ভারত-বাংলাদেশ দুই টেস্টের সিরিজে এখন পর্যন্ত আলোচনার পুরোটাই বীরেন্দর শেবাগ। ভারত যদি সত্যি সত্যি এই সিরিজে বাংলাদেশকে দুমড়েমুচড়ে দেয়, বলতে হবে শেবাগই তো ঠিক! আর যদি এমন হয়, বাংলাদেশ কালকের মতোই শির উঁচু করে থাকল পুরো সিরিজ, কোথায় মুখ লুকাবেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক?শেবাগ-সাকিব কাল প্রথম মুখোমুখি হলেন মুদ্রা নিক্ষেপে, সেখানে জয় সাকিবের। এর পর তিন পেসার সফিউল ইসলাম, শাহাদাত হোসেন ও রুবেল হোসেনকে দিয়ে ১১ ওভার বল করিয়ে ১২তম ওভারে সাকিব আসায় আবার মুখোমুখি দুজন। প্রথম বলেই স্ট্রেট বাউন্ডারি মেরে সে লড়াইয়ে হয়তো সাময়িক জয় পেয়েছিলেন শেবাগ, কিন্তু শেষ হাসিটা বাংলাদেশ অধিনায়কেরই। সাকিবের করা দ্বিতীয় ওভারের শেষ বলটা একটু নিচু হয়ে এল। ড্রাইভ করতে গিয়ে শর্ট এক্সট্রা কাভারে তামিমের ক্যাচ, শেবাগের বিদায়, বাংলাদেশের উল্লাসে ফেটে পড়া। সাকিব যতই বলুন শেবাগের কটু কথায় তাঁদের মাথাব্যথা নেই, শেবাগ-বধের বাড়তি উত্সব দেখে উল্টোটাই মনে হলো। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামের গ্যালারি থেকে অল্পসংখ্যক দর্শকও হর্ষধ্বনি দিয়ে জানাতে চাইলেন, সাকিবের দেওয়া দিনের প্রথম উপহারটা বড় বেশি কাঙ্ক্ষিত ছিল তাদের। তবে শেবাগ যতক্ষণ উইকেটে ছিলেন শেবাগের মতোই ছিলেন। লাঞ্চের আগে মাত্র ১৩ ওভার খেলা হলো, তাতেই ভারতের স্কোর বিনা উইকেটে ৬৩। ৪১ বলে শেবাগের একারই ছিল ৩৮। লাঞ্চের পর প্রথম ওভারেই শাহাদাতকে তিন বাউন্ডারি মেরে ৪৫ বলে পূর্ণ করেছেন টেস্টে নিজের ২০তম ফিফটি।শেবাগ-গৌতম গম্ভীরের ৭৯ রানের ওপেনিং জুটি ছাড়া ভারত ইনিংসের হাইলাইটস বলতে পারেন টেন্ডুলকারের অপরাজিত ৭৬ রানের ইনিংসটাকে। ব্যক্তিগত ৩০ রানের সময় টেস্টে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করায় ইনিংসটা এমনিতেই মনে থাকার কথা টেন্ডুলকারের, তবে সবচেয়ে বেশি মনে রাখবেন সম্ভবত দলের বিপর্যয়ে দেয়াল হয়ে দাঁড়াতে পেরে। শেবাগ ফিরে যাওয়ার এক বল পর ওই ৭৯ রানেই শাহাদাত হোসেনের বলে কট বিহাইন্ড গম্ভীর, এরপর থেকেই ভারত ইনিংসের মেরুদণ্ড হয়ে টেন্ডুলকার পার করলেন সারাটা দিন। তবে অনেকটা নিঃসঙ্গভাবেই। অপর প্রান্তে কেউ না কেউ থাকলেও সেটা না থাকার মতোই। রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ বা যুবরাজ সিং—টেন্ডুলকারের সঙ্গী হতে পারেননি কেউই। ক্যারিয়ারের ৪৪তম টেস্ট সেঞ্চুরিটা এবার চট্টগ্রামেই পাবেন কি না, সেটার জন্য ব্যাটিং মায়েস্ত্রো এখন তাকিয়ে ইশান্ত শর্মা ও শ্রীশান্তের দিকে। প্রথমজন দিন শেষে তাঁর সঙ্গী, পরের জন্য এখনো ব্যাট করতে নামেননি।সেঞ্চুরি পেলে টেন্ডুলকার যেমন কৃতজ্ঞ থাকবেন ইশান্ত বা শ্রীশান্তের কাছে, কাল অপরাজিত থেকে দিন শেষ করায় ধন্যবাদ দিতে পারেন বাংলাদেশের ইমরুল কায়েসকেও। অভিষেক টেস্ট খেলতে নামা শফিউল ইসলামের বলে ব্যক্তিগত ১৬ রানের সময় প্রথম স্লিপে ক্যাচ দিয়েও বাউন্ডারি পেয়ে গেছেন, ড্রাইভ দিয়েও ব্যাট ছুঁয়ে আসা বলটায় কেবল হাতই লাগাতে পেরেছেন ইমরুল। দিনের শেষ ওভারের আগের ওভারে বাংলাদেশি ফিল্ডারদের আরেকটা সুযোগ দিয়েছিলেন টেন্ডুলকার। শাহাদাতের বলে পুল করতে গিয়ে বল তুলে দিয়েছিলেন আকাশে। কিন্তু বোলিং প্রান্তে ক্যাচটা ‘কে নেবেন, কে নেবেন করে’ শেষ পর্যন্ত শাহরিয়ার, তামিম বা রকিবুলের কেউই নিতে পারলেন না। শাহাদাতের দুর্ভাগ্য, তাঁর বলেই এর আগে শফিউলের হাত গলে পড়ে গেছে জহির খানের সহজ ক্যাচ। টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেটের সাফল্যে নয়তো কালই হাসতে পারতেন তিনি। সেটা না হওয়ায় সাকিবের সঙ্গে দিন শেষে শাহাদাতের উইকেটও ৪টা। দুর্ভাগ্য ছিল সাকিবেরও। দিনের শেষ ওভারে ইশান্তের একটা এলবিডব্লু আম্পায়ার চাইলেই দিতে পারতেন।দুর্ভাগ্য আর ক্যাচ মিসের প্রদর্শনী না হলে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসটা নিশ্চিন্তে শুরু করতে পারত কালই। নিশ্চিন্তে কারণ, ভারতের বোলিং লাইনআপে নেই হরভজন সিং। ঘাড়ে ব্যথার কারণে শেষ মুহূর্তে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একাদশের বাইরে থেকে গেছেন এই অফ স্পিনারও। ম্যাচের আগের দিন উইকেট দেখে হরভজনই বলেছিলেন, দ্বিতীয় দিন থেকেই নাকি স্পিনারদের আনন্দনৃত্য শুরু হবে এখানে!কুয়াশা সকালেই ৯০ মিনিট খেয়ে নেওয়ার পর কাল বাড়তি ৩০ মিনিট খেলাতে চেয়েছিলেন আম্পায়াররা। আলোকস্বল্পতায় সেটাও হয়নি। সব মিলিয়ে এই ১২০ মিনিটের অপচয় পুষিয়ে নিতে আজ ম্যাচ শুরু হবে নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে, শেষও হওয়ার কথা আধঘণ্টা পর।