শেবাগের ক্রীড়া একাডেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখাপড়ায় ভালো ছিলেন না মোটেই। এ জন্য পরিবারের সদস্যদের বকুনি হজম করতে হতো হরদম। মা-বাবা-ভাইয়েরা এই বলে সতর্ক করতেন, এর মাশুল দিতে হবে জীবনে কষ্টের পথ পাড়ি দিয়ে। এমন নয় যে নির্বোধ ছিলেন। বরং আশপাশের অন্য আর দশটা ছেলের মতোই ছিলেন চটপটে। কিন্তু আপনজনদের শাসন-পরামর্শ পুরোটাই জলে গেছে। ছোটবেলায় খেয়ালি মনে লেখাপড়াকে অবজ্ঞাই করে গেছেন বীরেন্দর শেবাগ।হ্যাঁ, ভারতের বিস্ফোরক ওপেনার বীরেন্দর শেবাগের ছোটবেলার গল্প এটাই। ক্রিকেটে মনোনিবেশের আগে এই ছিল স্কুলছাত্র বীরু। আগে যদি জানতেন ছেলের সোনালি জীবনের ছবিটা আঁকা ক্রিকেটে, মা-বাবা নিশ্চয় লেখাপড়ার জন্য ছোট্ট বীরুকে বকাবকি করতেন না! এটা অবশ্য ভিন্ন কথা। তবে তখন নানা দুষ্টুমিতে ফাঁকি দেওয়া লেখাপড়ার মর্মটা শেবাগ এখন ঠিকই বোঝেন। বোঝেন হূদয় দিয়ে।বোঝেন বলেই আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে গড়ে তুলেছেন স্কুল। নাম ‘শেবাগ ইন্টারন্যাশনাল স্কুল’। মানে—ভাগ্য আর সময়ের পথ হেঁটে ছেলেবেলায় পড়ালেখাকে পাশ কাটিয়ে চলা শেবাগ আজ শিক্ষানুরাগী! তাঁর এই উদ্যোগে সমর্থন জানিয়ে নিজ নিজ পেশায় দক্ষ ভারতের অনেক ব্যক্তিত্বই যোগ দিয়েছেন স্কুলটিতে। কোমলমতি শিশু-কিশোরদের খেলাধুলার পরামর্শদাতা হিসেবে কাজ করছেন টেনিস তারকা মহেশ ভূপাতির মতো ক্রীড়াব্যক্তিত্বও।স্কুলের সঙ্গেই গড়ে তুলেছেন আন্তর্জাতিক মানের ক্রীড়া একাডেমি। মায়ের নামে শেবাগ এটির নাম দিয়েছেন কৃষ্ণা দৃষ্টি শিক্ষা সোসাইটি (কেডিইএস)। ফুটবল মাঠ, তিন ধরনের টেনিস কোর্ট, স্কোয়াশ কোর্ট, সুইমিংপুল, ইনডোর গেমসগুলোর জন্য ছাদঢাকা অ্যারেনা, ভলিবল কোর্ট, এমনকি ঘোড়দৌড়ের ময়দান—একাডেমিকে সম্পূর্ণতা দিতে কী নেই সেখানে! আর হ্যাঁ, ক্রিকেটার শেবাগের একাডেমিতে সবার আগে তো ক্রিকেট গ্রাউন্ডই থাকার কথা। অনুশীলনের জন্য নেট-সুবিধাসহ রয়েছে বিশাল ক্রিকেট গ্রাউন্ড। এ তো গেল স্কুলের বাইরের একাডেমির বিষয়। স্কুলটি? পরিচ্ছন্ন মনোরম ক্যাম্পাস, দূর-দূরান্তের ছাত্রদের থাকার জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন হোস্টেল, প্রয়োজনীয় লোকবল, ঝকঝকে খোলামেলা আধুনিক ক্লাসরুম। মোদ্দা কথা, প্রতিভাবান শিশু-কিশোরদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল আলোয় রাঙিয়ে দেওয়া যায়, সে লক্ষ্যে করণীয় সবকিছুই করেছেন শেবাগ। ‘এটি নির্মাণে আমি আমার সবকিছুই বিনিয়োগ করেছি’—স্কুল নির্মাণে খরচে কোনো কার্পণ্য করেননি বলে জানালেন শেবাগ।শিক্ষালয়টি নির্মাণ করা হয়েছে বিশাল এলাকাজুড়ে। বড় জায়গার কথা ভেবেই কি না, দিল্লির মানুষ হয়েও শেবাগ স্বপ্নের প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন হরিয়ানা প্রদেশের ঝাঝর জেলার নিভৃত পল্লি শিলানি কেশো গ্রামে। একাডেমিটি গড়ে উঠেছে ২৩ একর জায়গাজুড়ে! বিশাল এই জায়গা ৩৩ বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। শিলানি কেশো আদর্শ গ্রাম ছিল না কখনোই। কিন্তু শেবাগের একাডেমি পাল্টে দিয়েছে গ্রামের পরিবেশ, মানুষের জীবনধারণ, চালচলনও।স্বপ্ন আছে কিন্তু ‘সাধ্য’ নেই এমন মেধাবী শিশু-কিশোরেরা বিনা বেতনে পড়ার সুযোগ পায় এখানে। কিন্তু সচ্ছল ঘরের যারা একাডেমিতে থেকে পড়াশোনা করে তাদের বছরে ফি দিতে হয় দুই লাখ রুপি। অনাবাসিক ছাত্রদের বাৎসরিক ফি এক লাখ।একটা দিক থেকে শেবাগের একাডেমি শিলানি কেশো গ্রামটিকে আলাদাও করে দিয়েছে। প্রথম দৃষ্টিতেই যেকোনো আগন্তুকের নজরে পড়বে ভিন্নতা। গ্রামের যে প্রান্তে স্কুল, সেই দিকটা চকচকে ঝকঝকে, যেন বিশাল প্রান্তরের বুকে হঠাৎ গজিয়ে ওঠা নতুন শহর। উল্টো পাশেই অজপাড়া গায়ের ছাপ। এমন নিভৃত এক গ্রামেই আগামী প্রজন্মের তরুণদের রঙিন ভবিষ্যৎ গড়ে দেওয়ার লক্ষ্য নিয়ে দাঁড়িয়ে আছে শেবাগের স্বপ্নের প্রতিষ্ঠান। আর এর স্বপ্নটা দেখেছিলেন তাঁর বাবা। শেবাগের ভাষায়, ‘একটা আন্তর্জাতিক মানের ক্রিকেট একাডেমি তৈরির স্বপ্নটা ছিল আমার বাবার। উদ্দেশ্য এমন সব ক্রীড়াবিদ গড়ে তোলা, যারা খেলে উপার্জন করতে সক্ষম হবে এবং দেশকে গর্বিত করবে।’স্বপ্নটা এখন দেখে শিলানি কেশো গ্রামের মানুষও।আউটলুক অবলম্বনে খলিলুর রহমান