শেবাগের জামানত যেখানে বাজেয়াপ্ত
বছর কয়েক আগে বীরেন্দর শেবাগ চাইলে দাঁড়িয়ে ৃেযতে পারতেন বাংলাদেশের যেকোনো নির্বাচনে। সেখানে নিরঙ্কুশ জয়ই হতে পারত তাঁর। কিন্তু সেই শেবাগ যদি এখন ভোটে দাঁড়ান, বলা যায় না, জামানত বাজেয়াপ্তও হয়ে যেতে পারে! শেবাগের জনপ্রিয়তা যে হু হু করে কমছে বাংলাদেশে।না, ব্যাটসম্যান শেবাগকে স্যালুট করতেই হবে। চার বছর ধরে পুষে রাখা প্রতিশোধের আগুন বুকে নিয়ে পরশু শেবাগ যে তাণ্ডব চালালেন মিরপুরে, ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে দেখলে, উঠে দাঁড়িয়ে করতালি দিতেই হয়। ব্যাটসম্যান শেবাগ নয়, পরশু আসলে জনপ্রিয়তাকে তলানিতে নিয়ে গেলেন ‘ম্যান অব দ্য ম্যাচ শেবাগ’। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবারও তাঁর সেই উদ্ধত মন্তব্য। শেবাগ যেন আবারও বলতে চাইলেন, ‘বাংলাদেশ তো অর্ডিনারি দল।’এই ম্যাচে ভারত পোর্ট অব স্পেনের বদলা নেবে, সেটি শেবাগ আগেই জানিয়ে দিয়েছিলেন। বলা যায়, ঘোষণা দিয়েই প্রতিশোধ নিয়েছেন। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়েও একটা খোঁচা দিয়েছেন, ‘আমাদের দলের জন্য এটা ভালো শুরু। আমি আগেই বলেছিলাম, আমরা প্রতিশোধ নিতে চাই। সেই প্রতিশোধ আমরা নিয়েছি। আমি আগেও বলেছি, বাংলাদেশ টেস্টে মোটেও ভালো দল নয়, ওয়ানডেতে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কিন্তু আজ (পরশু) তারা প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি।’ম্যাচের ফলই বলছে, ৮৭ রানের বড় ব্যবধানের হেরে গেছে বাংলাদেশ। কিন্তু ভারতকে কি চমকে দেয়নি বাংলাদেশ? প্রথম ৫ ওভারে বিনা উইকেটে ৫১, শ্রীশান্তের এক ওভারে ২৪ রান, প্রথম ২৩ ওভারে ১২৯/১...বাংলাদেশ আসলেই চমকে দিয়েছিল ভারতকে। মিরপুরের হালকা শীতের রাতেও তাই ঘামছিলেন ভারতীয় একাদশের অনেকেই। সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রীদের মতো খ্যাতিমান ভাষ্যকারেরা ‘স্পিরিটিভ চেজিং’ বলে গালভরা প্রশংসাও করছিলেন । শাস্ত্রী তো একবার এই বলে স্বস্তির নিঃশ্বাসও ফেললেন, ‘ভাগ্যিস ভারত ৩২০ রান করেনি!’এ বাংলাদেশ অন্য এক বাংলাদেশ। শেবাগের ‘অর্ডিনারি’ বাংলাদেশ অবশ্যই নয়। আর তাই ম্যাচ শেষে বড় পরাজয়ের আক্ষেপ নিয়ে নয়, সাকিব আল হাসানকে সবচেয়ে বেশি উত্তর দিতে হলো টস জিতে ফিল্ডিং নেওয়া নিয়েই। প্রতিপক্ষের ৩৭০ রানের বোঝা পিঠে নিয়েও বাংলাদেশ যে ব্যাটিং করেছে, প্রথমে ব্যাটিং করে এই রানটাই তুললে ভারতকে হারানো যেত বলেই এই আক্ষেপ। এই পরাজয় তাই একদিক দিয়ে জয়ও।পোর্ট অব স্পেনের পাল্টা জবাব মিরপুরে দিতে শেবাগকে চার বছর অপেক্ষা করতে হয়েছে। শেবাগ নিশ্চিত থাকুন, মিরপুরের পাল্টা জবাব দিতে বাংলাদেশ চার বছর সময় নেবে না!