বিপুল পরিমাণ বিস্ফোরক ও ডেটনেটর-ভর্তি (বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহূত একটি দণ্ড) একটি দেশি জাহাজ আটক করেছে নৌবাহিনী। এমভি আগন্তুক-৩ নামের ওই জাহাজ গত বৃহস্পতিবার বিকেলে আটক করার পর থেকে চট্টগ্রামে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় পাহারা দিয়ে রেখেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।অস্বচ্ছ ঘোষণা এবং মেয়াদোত্তীর্ণ অনুমতিপত্র দিয়ে এসব বিস্ফোরক আমদানি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই বিস্ফোরক আমদানির ঘটনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।নৌবাহিনীর সূত্র জানিয়েছে, জাহাজটি-তে ৪৬ হাজার কেজি বিস্ফোরক ও আট হাজার ডেটনেটর রয়েছে। তবে শুল্ক বিভাগের কাছে দেওয়া কাগজপত্র অনুযায়ী ৫৫ হাজার কেজি মালামাল থাকার কথা।যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি শেভরন সিলেটের জালালাবাদ গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের কাজে ব্যবহারের জন্য এগুলো আমদানি করেছে। তবে আমদানির বৈধ কাগজপত্র নেই। তা ছাড়া জাহাজটির গতিবিধি ছিল রহস্যজনক। নিয়ম অনুসারে, বন্দরে বিস্ফোরক আনতে হলে নৌবাহিনীর অনুমতি নিতে হয়। কিন্তু জাহাজটি সে অনুমতি ছাড়াই বন্দরে প্রবেশ করে।জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের সদস্য ক্যাপ্টেন এম শাহজাহান প্রথম আলোকে বলেন, বিস্ফোরক আমদানির ঘোষণা প্রথমে ছিল না। বলা হয়েছিল প্রকল্পের মালামাল আমদানি করার কথা। পরে বিস্ফোরক আমদানির কথা বলা হলেও এর বিপরীতে যেসব কাগজপত্র দেওয়া হয়েছে, সেগুলো মেয়াদোত্তীর্ণ। এ কারণে বিস্ফোরকভর্তি জাহাজ আটক করা হয়েছে।চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, নোয়াসাটো নামের ইন্দোনেশিয়ার পতাকাবাহী একটি জাহাজ মালয়েশিয়ার কেলাং বন্দর থেকে এসে গত ২১ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়। ১৫ জানুয়ারি জাহাজটি বন্দরে প্রবেশ করে ড্রাইডক জেটিতে নোঙর করে। এরপর হোম বন্ড শিপিং নামের একটি প্রতিষ্ঠান মালপত্র ছাড়ানোর জন্য কাগজপত্র দাখিল করে। ১৬ জানুয়ারি রাতে বিদেশি ওই জাহাজ সব মালামাল এমভি আগন্তুক-৩ নামের দেশি জাহাজে তুলে দিয়ে পরের দিন বন্দর ত্যাগ করে। দেশি জাহাজটি বিস্ফোরক নিয়ে বন্দর চ্যানেলের নিরাপদ স্থানে অবস্থানের সময় নৌবাহিনীর সদস্যরা বিষয়টি জানতে পেরে আটক করেন।জানতে চাইলে হোম বন্ড শিপিং লাইনসের প্রতিনিধি কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, মালামাল সম্পর্কে মৌখিকভাবে বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানানো হয়েছিল। কিন্তু বিস্ফোরক আমদানির অনুমোদনের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হয়ে গেছে। এ কারণে মালামাল ছাড়াতে জটিলতা দেখা দিয়েছে।গতকাল শুক্রবার দুপুরে জাহাজটিতে গেলে সেখানে দায়িত্বরত কোস্টগার্ডের সদস্যরা ভেতরে যেতে দেননি। কোস্টগার্ডের অস্ত্রধারী নিরাপত্তাকর্মীদের জাহাজ পাহারা দিতে দেখা গেছে।আটকের ব্যাপারে জানতে চাইলে জাহাজের কর্মচারী আমিনুল ইসলাম বলেন, বিস্ফোরকগুলো শেভরনের সিলেট গ্যাসক্ষেত্রে যাওয়ার কথা ছিল। জাহাজ থেকে সেগুলো সরাসরি ট্রাকে করে সেখানে চলে যেত। কিন্তু বন্দরের অনুমতি না পাওয়ায় জাহাজ থেকে আবার জাহাজেই তোলা হয়। তিনি জানান, জাহাজের ভেতরে রয়েছে নানা আকারের দুই হাজার ৩৪০টি কার্টন।আটক করা জাহাজটির মালিক শেখ জাহাঙ্গীর বলেন, ‘বৈধ কাগজপত্র দেখিয়ে বিস্ফোরকের বাক্সগুলো আমাদের জাহাজে রাখা হয়েছে। অনুমতি পেলে এগুলো উপকূলে খালাস করা হবে।’এ বিষয়ে যোগাযোগ করা হলে শেভরন বাংলাদেশের পরিচালক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স) নাসের আহমেদ প্রথম আলোকে বলেন, এসব পণ্য জালালাবাদ গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক জরিপের জন্য আনা হয়েছে। এসব পণ্য আনার জন্য সরকারের সংশ্লিষ্ট সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। কিছু বিষয়ে অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।