উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) অধীনে দেশের তেল-গ্যাস ক্ষেত্রে কর্মরত মার্কিন কোম্পানি শেভরন আন্তর্জাতিক আদালতে যে সালিসি মামলা করেছিল, তার রায় এসেছে পেট্রোবাংলার পক্ষে। এর ফলে শেভরনের ক্ষেত্রের গ্যাসজাতীয় সঞ্চালন লাইনে সঞ্চালনের জন্য পেট্রোবাংলা টাকা (চার শতাংশ হারে হুইলিং চার্জ) পাবে। আন্তর্জাতিক আদালতে এ ধরনের মামলায় এটি বাংলাদেশের পক্ষে প্রথম রায়। কয়েকজন বিদেশি বিশেষজ্ঞের সহায়তা নিয়ে পেট্রোবাংলার পক্ষে মামলাটি পরিচালনা করেন ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস। তারা গতকাল মঙ্গলবার রায়ের বিষয়টি পেট্রোবাংলাকে জানায়। পেট্রোবাংলা জানায়, চার শতাংশ হারে হুইলিং চার্জ আদায় করায় তারা চলতি বছরের মার্চ পর্যন্ত প্রায় ৪৯০ কোটি টাকা পেয়েছে। আগামী ২০ বছরে এ খাতে আয় হবে প্রায় দুই হাজার ১৫০ কোটি টাকা। তবে কয়েকজন জ্বালানি বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেন, বর্তমানে শেভরন পরিচালিত তিনটি (বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদ) ক্ষেত্রেই গ্যাসের প্রমাণিত মজুদ নিশ্চিতভাবে বাড়ছে। বিবিয়ানায় দুই ট্রিলিয়ন ঘনফুটেরও (টিসিএফ) বেশি বৃদ্ধির বিষয়টি তো স্বীকৃতই। অন্য দুটি ক্ষেত্রেও পুনর্মূল্যায়নে মজুদ বাড়বে। তাই হুইলিং চার্জ থেকে পেট্রোবাংলার আয়ও বাড়বে। প্রাথমিক হিসাবে তা চার হাজার কোটি টাকার কম হবে না।সূত্র জানায়, শেভরন জালালাবাদ ক্ষেত্র থেকে গ্যাস তুলে সঞ্চালন লাইনে দেওয়া শুরু করলে পেট্রোবাংলা হুইলিং চার্জ কাটতে থাকে। শেভরন এতে আপত্তি জানালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক বৈঠক ও আলাপ-আলোচনা হয়। মীমাংসা না হওয়ায় শেভরন ২০০৬ সালের ১৭ মার্চ ওয়াশিংটনভিত্তিক সালিসি আদালত ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটে (আইসিএসআইডি) মামলা (রিকোয়েস্ট ফর আরবিট্রেশন) করে। পরে বিবিয়ানা ও মৌলভীবাজার গ্যাস ক্ষেত্রের গ্যাস সঞ্চালনের ব্যাপারেও একই বিরোধ এ মামলায় অন্তর্ভুক্ত হয়।শেভরনের মূল বক্তব্য ছিল, তারা তাদের পরিচালিত ক্ষেত্র থেকে জাতীয় গ্রিড পর্যন্ত (এ ক্ষেত্রে জালালাবাদ থেকে কৈলাসটিলা পর্যন্ত) পাইপলাইন করে গ্যাস পৌঁছে দিচ্ছে। এরপর জাতীয় গ্রিড ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সঞ্চালনের দায়িত্ব পেট্রোবাংলার, শেভরনের নয়। তাই এ জন্য শেভরনের ওপর ‘হুইলিং চার্জ’ আরোপ করা যায় না।আর পেট্রোবাংলার বক্তব্য ছিল, জালালাবাদ ক্ষেত্রের জন্য স্বাক্ষরিত পিএসসির ১৪ ধারায় বলা হয়েছে, গ্যাস রপ্তানির ক্ষেত্রে জাতীয় গ্রিড ব্যবহারের জন্য শেভরন চার শতাংশ হারে হুইলিং চার্জ দেবে। একইভাবে আরেকটি ধারায় বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারের গ্যাস সঞ্চালনের জন্য একই হারে হুইলিং চার্জ দেওয়ার কথা। দুই পক্ষের এই বক্তব্যের ভিত্তিতে আদালতে প্রথম শুনানি হয় ২০০৭ সালের ১৪ এপ্রিল নেদারল্যান্ডসের হেগ শহরে। এরপর শুনানি (মেরিট পর্যায়ে) হয় ২০০৮ সালের ৭ জুলাই ওয়াশিংটনে। চূড়ান্ত শুনানি হয় ২০০৯ সালের ১৭ ও ১৮ মে। মামলায় সহায়তা করেন আইনবিদ টোবি ল্যান্ডউ, লরেন্স বাইসন, পেস্ট্রভন মায়ার্স, জেরেমি কার্ভার প্রমুখ।শেভরনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা জানায়, আজ বুধবার তারা আনুষ্ঠানিক বক্তব্য দেবে।