শেভরনের সম্পত্তি জব্দ করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনায় যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক তেল কোম্পানি শেভরনের এক হাজার ৯০০ কোটি ডলার মূল্যের সম্পত্তি জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইকুয়েডরে পরিবেশ বিপর্যয়ের ক্ষতিপূরণ না দেওয়ায় দেশটির বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনার একজন বিচারক এ আদেশ দেন। শেভরনের বিরুদ্ধে মামলা পরিচালনাকারী আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন।মামলার ইকুয়েডরের বাদীরা অভিযোগ করেন, গত তিন দশকে আমাজানের ইকুয়েডর অংশে জমি দূষণ করেছে শেভরন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ইকুয়েডরের একটি আদালত গত বছর এক হাজার ৯০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে বলে শেভরনকে। এর পর থেকে ইকুয়েডরে সামান্য সম্পত্তি রেখেছিল শেভরন। তাই মামলার বাদীরা ইকুয়েডরের বাইরে অন্য কোনো দেশে সংস্থাটির বিরুদ্ধে রায় পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।ইকুয়েডরের বাদীপক্ষের আইনজীবী এনরিক ব্রুচাউ বলেন, আর্জেন্টিনার বিচারক তাঁদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটিতে শেভরনের সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন। তাঁরা বলেন, শেভরন ইকুয়েডরে তাদের ক্ষতিপূরণ না দেওয়ায় আর্জেন্টিনায় থাকা কোম্পানিটির সম্পদ জব্দ করার আবেদন জানানো হয়েছিল। গত বছর ইকুয়েডরের আদালত প্রথমে ৮৬০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে বলেছিলেন শেভরনকে। কিন্তু তেল কোম্পানিটি তাদের কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা না চাওয়ায় এ অর্থ দ্বিগুণ করা হয়।ইকুয়েডরের বাদীপক্ষ আরও জানায়, ২০০১ সালে শেভরনের সঙ্গে একীভূত হওয়া কোম্পানি টেক্সাকো ইকুয়েডরীয় আমাজানে ১৯৬৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বিষাক্ত পদার্থ ফেলে দূষণ তৈরি করে।শেভরনের পক্ষ থেকে বলা হয়, কোম্পানিটি নব্বইয়ের দশকে অঞ্চলটিকে (ইকুয়েডরীয় আমাজান) পরিষ্কার করতে চার কোটি ডলার ব্যয় করে। এ ছাড়া দূষণের ঘটনায় পরবর্তীতে কোম্পানিকে দায়ী করা হবে না, শর্তে ১৯৯৮ সালে একটি চুক্তি করে ইকুয়েডর সরকারের সঙ্গে। এর আগে শেভরন জানিয়েছিল, কোম্পানির বিরুদ্ধে প্রকৃত রায়টি ছিল ঘুষ ও প্রতারণা নিয়ে। দেশের বাইরে রায় নিতে ইকুয়েডরের বাদীপক্ষের উদ্যোগকেও নাকচ করে দেয় শেভরন।কোম্পানিটি আরও জানায়, বাদীপক্ষের আইনজীবীরা যথাযথ রায় পেতে চাইলে তাদের যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হওয়া উচিত। বিবিসি।