শেরপুর সাহিত্য চক্রের ২৫তম বর্ষপূর্তি ও রজতজয়ন্তী উত্সব
শেরপুর সাহিত্য চক্রের ২৫তম বর্ষপূর্তি ও রজতজয়ন্তী উত্সব উদ্যাপিত হয়েছে। ২৪ জানুয়ারি শেরপুর ডি জে হাইস্কুল চত্বরে বসে কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলা।অনুষ্ঠানে ভস্তার বিল গ্রন্থের মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এবং শেরপুর সাহিত্য চক্রের সাহিত্য সংকলন শাশ্বত বাংলার মুখ-এর মোড়ক উন্মোচন করেন দেশের সুনামধন্য কবি আবু বকর সিদ্দিক।শেরপুর সাহিত্য চক্রের রজতজয়ন্তী উত্সবে ২০০৯ সালের যাঁরা পুরস্কার পান, তাঁরা হলেন এস এম রাহী পুরস্কার কবিতায় কবি রেজাউল করিম চৌধুরী, গদ্য সাহিত্যে শ্যামল রঞ্জন ভট্টাচার্য, সাহিত্য চক্র পুরস্কার পান এস এম বেলাল হোসেন, ফেরারি সাহিত্য পুরস্কার পান মুহম্মদ রহমতুল বারী, তারিক নুরুন্নবী, হাসিনা মুর্শেদ ও নিরঞ্জন চন্দ্র রায়। প্রিয় প্রজন্ম পুরস্কার পান এস এম মানুন জাহান পল্বব ও রনি বর্মণ। অতিথিরা তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ মানোয়ার হোসেনের সভাপতিত্বে উত্সবের এই অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও আলোচনায় অংশ নেন কবি আবু বকর সিদ্দিক, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কবি খোন্দকার আশরাফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিত্ ঘোষ, প্রবাসী কবি ফরিদা মজিদ, গোলাম মোস্তফা, কবি সৌমিত্র দেব, কবি সোহেল অমিতাভ ও কবি সামছুন্নাহার। শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজনু ও ধুনট উপজেলা চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিক অতিথির বক্তব্য দেন।এ ছাড়া অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মিনতী কুমার রায়, শিক্ষক কোরবান আলী ও সদানন্দ লাহিড়ী, চিকিত্সক রহমতুল বারী, অধ্যক্ষ এস এম বেলাল হোসেন, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।