শেরপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট আজ শুক্রবার স্থগিত করেছে জেলা বাস-কোচ মালিক সমিতি ও জেলা ট্রাক মালিক সমিতি। ফলে সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশের সঙ্গে শেরপুরের যান চলাচল স্বাভাবিক রয়েছে।নালিতাবাড়ী উপজেলার পরিবহন মালিকেরা নালিতাবাড়ীতে সড়ক পরিবহন সমিতির নামে পৃথক সংগঠন করার উদ্যোগ নেন। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতি ও জেলা ট্রাক মালিক সমিতি যৌথভাবে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছিল।শেরপুর বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, নালিতাবাড়ী উপজেলার পরিবহন মালিকেরা সংগঠনের নিয়ম ভঙ্গ করে ‘নালিতাবাড়ী সড়ক পরিবহন সমিতি’ নামে পৃথক একটি সংগঠন করার প্রক্রিয়া চালাচ্ছেন। এতে জেলার পরিবহন সেক্টরে অস্থিরতা বাড়বে এবং ‘চেইন অব কমান্ড’ ভেঙে যাবে। এ নিয়ে গতকাল রাতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক হয়। বৈঠকে জেলা প্রশাসক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। নালিতাবাড়ী উপজেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাকাম হীরা বলেন, নালিতাবাড়ী থেকে ঢাকায় চলাচলকারী শতাধিক যান শেরপুর সদরের ওপর দিয়ে যাতায়াত করে না। তাই তাঁরা জেলা বাস-কোচ ও ট্রাক মালিক সমিতি থেকে সরে পৃথক সংগঠনের জন্য আবেদন করেছেন।