শেরপুরে আরও গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গান্ধীগাঁও গ্রাম থেকে ৫১৫টি গুলি উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আজ শুক্রবার ভোরে গ্রামের একটি জঙ্গলে অভিযান চালিয়ে চায়নিজ রাইফেলের এসব গুলি ও ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার কাগজপত্রসহ বেশ কিছু বইপত্র উদ্ধার করে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।এ নিয়ে গত পাঁচ মাসে পুলিশ ও বিজিবি সদস্যরা কাংশা ইউনিয়ন থেকে ছয় দফায় তিন হাজার ৬৩৬টি গুলি উদ্ধার করেছে। এ ছাড়া গত ৫ সেপ্টেম্বর র‌্যাব-১২ (জামালপুর-শেরপুর অঞ্চল) কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চারের তিনটি শক্তিশালী তাজা গোলা উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের জেলা গোয়েন্দা পুলিশ ঝিনাইগাতি থানা পুলিশের সহযোগিতায় আজ ভোরে ওই জঙ্গলে অভিযান চালায়। এ সময় তারা ওই জঙ্গলে ফেলে রাখা প্লাস্টিকের বস্তায় ভরা এসব গুলি ও বই উদ্ধার করে।শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিগুলো কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হতে পারে। তবে তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে ঝিনাইগাতি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।