শেরপুরে এবার গুলি ও ডেটোনেটর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম গান্ধীগাঁও গ্রাম থেকে চায়নিজ রাইফেলের ২৫০টি গুলি, মাইন বিস্ফোরক তিনটি ডেটোনেটর ও ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিজিবির ২৭ ব্যাটালিয়ন নকশি সীমান্ত ফাঁড়ির একটি টহল দল এসব উদ্ধার করেছে। এ নিয়ে গত পাঁচ মাসে এই ইউনিয়ন থেকে তিন হাজার ১২১টি গুলি উদ্ধার করা হলো। বিজিবির নকশি সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই গ্রামের একটি ঘর থেকে এসব গুলি উদ্ধার করেন।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল দল ওই গ্রামের বাহাদুর আলীর পরিত্যক্ত রান্নাঘরে অভিযান চালায়। এ সময় তাঁরা ওই ঘরের তুষের বস্তার মধ্যে লুকানো একটি প্লাস্টিকের ব্যাগে ভরা চায়নিজ রাইফেলের ২৫০টি গুলি, মাইন বিস্ফোরক তিনটি ডেটোনেটর ও উলফার সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করে।বিজিবির ২৭ ব্যাটালিয়নের গোয়েন্দা কর্মকর্তা মেজর শাহেদ মেহের গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গুলিগুলো বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার হতে পারে। তদন্ত সাপেক্ষে তা নিশ্চিত হওয়া যাবে। গুলিগুলো ঝিনাইগাতি থানায় হস্তান্তর করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।৫ সেপ্টেম্বর র্যাব-১২ (জামালপুর-শেরপুর অঞ্চল) সদস্যরা ঝিনাইগাতির বাকাকুড়া গ্রাম থেকে রকেট লঞ্চারের তিনটি তাজা গোলা উদ্ধার করে।