শেরপুরে এম ইউ আহমেদের জানাজা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী এম ইউ আহমেদের লাশ বগুড়ার শেরপুরে আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌঁছেছে। সেখানে লাশ পৌঁছানোর পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে শেরপুরে বাস-টার্মিনাল চত্বরে তাঁর জানাজা হয়। জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে। লাশ রাত আটটার দিকে শেরপুরের বোয়ালকান্দিতে তাঁর নিজ গ্রামে নেওয়া হয়। সেখানে স্থানীয় কবরস্থানে রাত ১০টার দিকে তাঁর দাফন সম্পন্ন হবে। প্রতিবাদ সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা বলেন, এম ইউ আহমেদের মৃত্যু স্বাভাবিক নয়। সরকার পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে।এর আগে দুপুরে হাইকোর্ট চত্বরে এম ইউ আহমেদের জানাজা অনুষ্ঠিত হয় ।জানাজায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, আপিল বিভাগের বিচারপতি ওয়াহহাব মিঞা ও অন্য আইনজীবীরা অংশ নেন। তাঁর দ্বিতীয় জানাজা হয় পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে।জানাজার আগে মমতাজ উদ্দিনের ভাগনে আবদুর রাজ্জাক অভিযোগ করেন, ‘মামাকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।’সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহাবুব হোসেন বলেন, ‘আমরা তাঁকে শহীদের মর্যাদা দিচ্ছি। ২৬ আগস্টকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি। সরকারের নির্যাতন-নিপীড়নের পরও দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আমরা কাজ করে যাব।’বেলা সোয়া ১১টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া বলেন, সকাল নয়টায় বারডেম থেকে মমতাজ উদ্দিনের মরদেহ আনার জন্য তাঁর স্ত্রী যান। কিন্তু তাঁর কাছে লাশটি দেওয়া হয়নি। লাশ বারডেম থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অভিযোগ, সরকারের মনমতো ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করার জন্যই এমনটি করা হয়েছে। যাতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া যায়। মৃত্যুর পরও তাঁর প্রতি সরকারের আক্রোশ থামেনি বলে তিনি অভিযোগ করেন।এর আগে বেলা ১১টা থেকে আইনজীবীরা এখানে অবস্থান করে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন ও বিক্ষোভ করেন। সাড়ে ১০টায় রফিকুল ইসলাম মিয়ার নেতৃত্বে ৩০-৪০ জন আইনজীবী সমিতি ভবনের সামনে অবস্থান নেন।