শেরপুরে ওরসস্থলে ১৪৪ ধারা জারি
বগুড়ার শেরপুর উপজেলার বেলগাড়ী গ্রামে মাজার প্রাঙ্গণে ওরস ঘিরে দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় আজ ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাল শুক্রবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। গতকাল বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান এ নিষেধাজ্ঞা জারি করেন।পুলিশ জানায়, কাল শুক্রবার পীর সৈয়দ ফরিদ উদ্দিন সাকী ওরফে খাজা মাসত এ সাকী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে ৩১তম ওরস হওয়ার কথা ছিল। এ উপলক্ষে মাজার কমিটির মধ্যে দুটি দল গড়ে ওঠে। এই বিভক্তি এলাকাবাসী ও ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে এ সমস্যা নিরসন না হওয়ায় সংঘর্ষ ও দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা দেখা দেয়। এ কারণে ওই মাজার প্রাঙ্গণের চারদিকে ৫০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ, জমায়েত ও ওরস অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোজাফফর হোসেন প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আজ সকাল থেকে মাজার প্রাঙ্গণে পুলিশ মোতায়েন করা হয়েছে।