শেরপুরে কমছে ফসলি জমি
হারাচ্ছে বগুড়ার শেরপুরে আবাদযোগ্য জমি। শহরতলি থেকে উপজেলার প্রত্যন্ত এলাকায় এই একই চিত্র। উপজেলার স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের ভাষ্যমতে, ১৯৮৮ সালের পর থেকেই এ উপজেলায় প্রতিবছরই চাষযোগ্য জমি কমে যাচ্ছে। জমির ওপর গড়ে উঠছে দালানকোঠা। পাশাপাশি জমি থেকে মাটি কেটে নেওয়ায় সেসব জমি কৃষি কাজের উর্বরতাও হারাচ্ছে।সম্প্রতি চাষযোগ্য জমি কমে যাওয়ার পরিসংখ্যান জানতে উপজেলা কৃষি কর্মকর্তা স ম আশরাফ আলী জানান, এমন কোনো পরিসংখ্যান তাদের করা নেই। অন্যদিকে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এ দায়িত্ব তাদের নয়। তবে এ দায়িত্ব কার, এ নিয়ে প্রশ্ন জেগেছে উপজেলার একাধিক সচেতন মহলের মধ্যে। তবে উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ ২৫ হাজার ৫৮২ হেক্টর।সম্প্র্রতি উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন গেলে দেখা যায়, যেসব জমিতে ১০ বছর আগে চাষ হতো ধানসহ বিভিন্ন ধরনের ফসল, আজ সেসব জমিতে নির্মাণ হয়েছে দালানকোঠা। পাশাপাশি ইটভাটাসহ পুকুর, গর্ত ইত্যাদি ভরাটের জন্য ধানি চাষযোগ্য জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। অনুসন্ধানে দেখা যায়, উপজেলার বিশালপুর, মির্জাপুর, গাড়িদহ, কুসুম্বী ও ভবানীপুর ইউনিয়ন এলাকায় চাষযোগ্য জমির ওপর প্রতি বছরই গড়ে উঠছে বাড়িঘর। পাশাপাশি গাড়িদহ, খানপুর, সুঘাট ও সীমাবাড়ী ইউনিয়ন এলাকায় চাষযোগ্য উর্বর জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে ইটভাটাসহ বিভিন্ন স্থানে। ক্ষেত্র বিশেষে উপজেলার কিছু এলাকায় জমির মালিকেরা নিজস্ব আবাদযোগ্য জমিতে শ্যালোচালিত মেশিন বসিয়ে জমির নিচ থেকে মাটি তুলে তা বিক্রি করছেন। ফলে ওই জমিসহ পার্শ্ববর্তী এলাকার জমির মালিকেরা তাঁদের জমি ভবিষ্যতে আবাদযোগ্য থাকবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।সরেজমিন দেখা যায়, উপজেলার পানিসারা থেকে তেঁতুলিয়া, খুড়তা, আমইন, খাসপাড়া, উচড়ং, বেলতা, আয়রা, মান্দাইল, পেঁচুইল, দোয়েলসারা, ভাদাইকুঁড়িসহ বিভিন্ন গ্রামে ফসলি জমিতে গড়ে উঠেছে বাড়িঘর। পাশাপশি উপজেলার গাড়িদহ, ফুলবাড়ী, বথুয়াবাড়ী, মির্জাপুর, কৃষ্ণপুর, সুঘাট ও সীমাবাড়ী এলাকায় বিভিন্ন আবাদযোগ্য জমি থেকে এক শ্রেণীর বালু, মাটি ব্যবসায়ীরা জমি কিনে মাটি বিক্রি করে চলেছেন। জমি থেকে মাটি কাটায় পার্শ্ববর্তী জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে বাধ্য হয়ে ওই জমির মালিকেরা কম মূল্যে মাটি বিক্রেতাদের কাছে জমি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এমন ক্ষতিগ্রস্তদের মধ্যে ফুলবাড়ী গ্রামের চামেলী খাতুন বলেন, ‘দ্যাশে সুরকারি আইন আছে বইল্যা মুনি হয় না। সুরকারি লোকজুন দেখ্যাও বাধা দেয় না। কন আমরা কী করব্যার পারি।’উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে মোজাম্মেল হক, শাহ আলম পান্না, জিএম মোস্তফা কামাল ও আবদুস সাত্তার জানান, আবাদযোগ্য জমি রক্ষায় সরকারের সুস্পষ্ট নীতিমালা না থাকায় জমির মালিকেরা ইচ্ছামতো কর্মকাণ্ড চালাচ্ছেন। তাঁরা বাধা দিয়েও কোনো উপকার হচ্ছে না। বরং বাধা দেওয়ায় তাঁদের কটু কথাও শুনতে হয়। উপজেলা কৃষি কর্মকর্তা স ম আশরাফ আলী বলেন, তাঁরা কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সচেতন করা নিয়ে বেশি কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। তবে উপজেলায় আবাদযোগ্য জমি কমে আসছে তা তিনি স্বীকার করেন। প্রতিবছর কী পরিমাণ কমছে, তা তাঁর জানা নেই।