শেরপুরে কলেজশিক্ষকের বিরুদ্ধে যৌতুকের মামলা
শেরপুরে স্ত্রীর কাছে যৌতুক দাবি ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আফজাল হোসেন নামে এক কলেজশিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শেরপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে আফজাল হোসেন, তাঁর বোন মোছাম্মৎ সালেহা খাতুন ও বাবা আবদুল খালেককে আসামি করে যৌতুক নিরোধ আইনের ৪ ধারা অনুযায়ী মামলাটি করেন আফজাল হোসেনের স্ত্রী মার্জিয়া সুলতানা। আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সমন জারি করেছেন ।মামলার অভিযোগে বলা হয়, চলতি বছর ৯ এপ্রিল চর মুচারিয়া ইউনিয়নের চরবাবনা এলাকার বর্তমানে ঢাকার ডেমরায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আফজাল হোসেনের সঙ্গে মার্জিয়ার বিয়ে হয়। বিয়ের পর অতিরিক্ত দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন আফজাল। মার্জিয়া নির্যাতনের ঘটনা তাঁর বাবাকে জানালে তিনি মেয়েকে নিজের বাসায় নিয়ে আসেন। এ সময় আফজাল ও তাঁর বোন মার্জিয়ার বাবার দেওয়া সোনার অলংকারাদি জোর করে রেখে দেন।মামলার প্রধান আসামি আফজাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমদিকে তিনি অভিযোগ ভিত্তিহীন দাবি করলেও স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হওয়ার কথা স্বীকার করেন।