শেরপুরে কামারুজ্জামানের মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্য নিল তদন্ত দল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত শেরপুরের বিভিন্ন স্থানে ’৭১-এর স্বাধীনতাযুদ্ধের বধ্যভূমি ও গণহত্যা এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ভূমিকা সম্পর্কে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করেন। তাঁরা ’৭১-এ সংঘটিত গণহত্যার এলাকা পরিদর্শন ছাড়াও সেসব এলাকায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন। তদন্ত দল গৃদা নারায়ণপুর মহল্লায় অবস্থিত নবারুন পাবলিক স্কুলসংলগ্ন বধ্যভূমি এলাকা পরিদর্শন শেষে জেলা শহরের নয়আনী বাজার এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত সুরেন্দ্র মোহন সাহার বাসভবনে যান। এই ভবনটি স্বাধীনতাযুদ্ধের সময় আলবদর রাজাকারদের টর্চার সেল হিসেবে ব্যবহার করা হতো। সেখানে সাক্ষ্য প্রদানকালে বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক মুন্সি বীর প্রতীক বলেন, স্বাধীনতাযুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের গোয়েন্দা হিসেবে কাজ করতেন এবং তথ্য সংগ্রহ করতেন। তিনি সুরেন্দ্র মোহন সাহার বাসভবনে আসতেন। প্রায়ই দেখতেন ইসলামী ছাত্রসংঘের বৃহত্তর ময়মনসিংহের নেতা ও আলবদর-আলশামসের কমান্ডার কামারুজ্জামান মেজর আইয়ুবের সঙ্গে ওই ভবনে আসতেন। এখানে মানুষজনকে ধরে নিয়ে আসা হতো এবং নির্যাতন চালানো হতো। সদস্যরা শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদ্দী গ্রামে গণহত্যা এলাকা পরিদর্শন করেন। বিকেলে তাঁরা শেরপুরের জগতপুর বধ্যভূমি এলাকা পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।এদিকে আজ সকাল নয়টার দিকে তদন্ত দলের সদস্যরা শেরপুর জেলা শহরের শেরি সেতু এলাকা পরিদর্শন করেন। স্বাধীনতাযুদ্ধের সময় হানাদার বাহিনীর দোসররা এখানে কলেজছাত্র গোলাম মোস্তফাকে গুলি করে হত্যা করে তাঁর লাশ মৃগী নদীতে ফেলে দেয়। পরে তদন্ত দল শেরপুর শহরের মাধবপুর মহল্লায় অবস্থিত শনিবাড়ী মন্দির পরিদর্শন করেন। এখানে মন্দিরের পুরোহিত সূর্যমোহন দেবকে হত্যা করে তাঁর লাশ মন্দিরের ভেতরে একটি কূপে ফেলে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত দল গতকাল মঙ্গলবার দুই দিনের সফরে শেরপুর জেলায় আসেন। পাঁচ সদস্যের এই তদন্ত দলে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক খান ও প্রবীর ভট্টাচার্য।