শেরপুরে খোলা আকাশের নিচে আলুর বস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে আলুর বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘায় ফলন হয়েছে ৯০ থেকে ১১০ মণ করে। তবে ধস নেমেছে আলুর বাজারে। ভালো ফলনে চাষিদের চোখে-মুখে হাসির ঝিলিক দেখা গেলেও কম দামে আলু বিক্রির কারণে সেই হাসি ম্লান হয়ে গেছে।চাষিরা অভিযোগ করেন, এবার পানির দরে আলু বিক্রি করতে হচ্ছে, পাশাপাশি মৌসুমি ব্যবসায়ীদের দাপটে আলুচাষিরা হিমাগারে জায়গা পাচ্ছেন না। ফলে আগামী বছরের জন্য বীজ আলু সংরক্ষণ করা নিয়ে তাঁরা চিন্তিত হয়ে পড়েছেন।উপজেলার টুনিপাড়া গ্রামের আলুচাষি আবদুল হাই জানান, কয়েক দিন ধরে চেষ্টার পর স্থানীয় হিমাগারের বুকিং টিকিট সংগ্রহ করতে পারলেও তিনি আলু ওঠাতে পারেননি।উপজেলা কৃষি কর্মকর্তা স ম আশরাফ আলী জানান, চলতি বছর এ উপজেলায় দুই হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। উপজেলার চকসিংড়া গ্রামের আবদুর রাজ্জাক জানান, তিনি ১৩ বিঘা জমিতে আলু চাষ করেছেন। বিঘাপ্রতি ৯০ থেকে ১১০ মণ পর্যন্ত ফলন হয়েছে। কিন্তু আগামী বছরের জন্য বীজ আলু সংরক্ষণ নিয়ে চিন্তিত। কারণ গত কয়েক দিন চেষ্টার পরও স্টোরেজে আলু ওঠাতে পারেননি বলে জানান।তালতা গ্রামের কৃষক আবু সাঈদ জানান, সাড়ে ছয় বিঘা জমিতে তিনি আলু চাষ করেন। ভালো ফলন হয়েছে। তবে বাজারে আলুর দাম কম হওয়ায় খরচ উঠে সামান্য লাভ হয়েছে। তিনি প্রতি বস্তা ৮৫ কেজি আলু ৬০০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি করেছেন বলে জানান।সরেজমিনে মোজাহার আলী কোল্ডস্টোরেজে গিয়ে দেখা যায়, শ্রমিক কম থাকায় স্টোরেজে আলু উঠছে ধীরগতিতে। ফলে হিমাগারের সামনে শতাধিক আলুবোঝাই ট্রাক ও ট্রলি আটকে রয়েছে। এতে করে হাজার হাজার বস্তা আলু খোলা আকাশের নিচে পড়ে আছে। এ অবস্থায় সামান্য বৃষ্টি হলেই ওই সব আলু নষ্ট হয়ে হয়ে যেতে পারে।মোজাহার আলী কোল্ডস্টোরেজের পরিচালকদের মধ্যে রেজাউল করিম জানান, কোল্ডস্টোরেজের ধারণক্ষমতা আট হাজার ৪০০ মেট্রিকটন। সে অনুযায়ী বুকিং টিকিট দেওয়া হচ্ছে। সবাই একসঙ্গে স্টোরেজে আলু নিয়ে আসায় ঠিকমতো আলু ঢোকানো যাচ্ছে না।