শেরপুরে গৌতমবুদ্ধের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা শহরের নারায়ণপুর মহল্লা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল শুক্রবার গভীর রাতে গৌতমবুদ্ধের একটি মূল্যবান প্রাচীন মূর্তি উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আজ শনিবার তিনজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. রুহুল আমিন (৪৫), মো. মোন্তাজ (৩০) ও নিজামউদ্দিন (৪৫)। উদ্ধার হওয়া মূর্তিটি ব্রোঞ্জের তৈরি। এর ওজন এক কিলোগ্রাম, আনুমানিক মূল্য প্রায় অর্ধ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহর থেকে প্রাচীন মূর্তি পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শহরের নারায়ণপুর মহল্লার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনের সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশ মূল্যবান বুদ্ধমূর্তিটিসহ রুহুল আমিনকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে গোয়েন্দা পুলিশ গভীর রাতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা সদর থেকে মো. মোন্তাজ ও নিজামউদ্দিনকে গ্রেপ্তার করে।জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বিপ্লব বিশ্বাস শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মূর্তি পাচার কাজের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া তিনজন একটি সংঘবদ্ধ পাচারকারী দলের সদস্য। এরা দীর্ঘদিন ধরে প্রাচীন পুরাকীর্তি সংগ্রহ করে বিভিন্নস্থানে পাচার করার কাজে জড়িত ছিলেন। উদ্ধারকৃত মূল্যবান বুদ্ধমূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে পাঠানো হবে বলে তিনি জানান।