শেরপুরে চলছে ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে গাড়ি পোড়ানোর মামলায় জেলা বিএনপির নয় নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি ও মামলাটি প্রত্যাহারের দাবিতে আজ রোববার শেরপুর অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। গত বৃহস্পতিবার জেলা বিএনপি এ হরতালের ডাক দেয়।সকাল ছয়টা থেকে হরতাল শুরু হলেও দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো পিকেটিং ও মিছিল দেখা যায়নি। তবে শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম।দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ থাকলেও শহরের সড়কগুলোতে রিকশা ও হালকা যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে।রঘুনাথপুরে জেলা বিএনপির কার্যালয়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। গত ১৭ মে হরতালের আগের রাতে জেলা শহরের শিরপাড়া এলাকায় বাস পোড়ানোর অভিযোগে পুলিশ জেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নয় নেতা-কর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলা করে।মামলায় উচ্চ আদালতের নির্দেশ অনুসারে এই নেতা-কর্মীরা গত ৩১ মে শেরপুর দ্রুত বিচার আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।জেলা বিএনপির সভাপতি এ কে এম সাইফুর ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, নেতা-কর্মীদের বিরুদ্ধে বাস পোড়ানোর কল্পিত কাহিনি সাজিয়ে সদর থানায় মিথ্যা মামলা করা হয়েছে। এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, প্রাথমিক তদন্তে পুলিশ বাস পোড়ানো সঙ্গে ওই নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা পেয়েছে। তাই পুলিশ বাদী হয়ে ১৭ মে এ মামলা করে।