শেরপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবকের সাজা
শেরপুরে দুটি পৃথক ঘটনায় দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দরিপাড়া গ্রামের মো. ফরিদ উদ্দিন (২১) ও একই ইউনিয়নের নামা শেরীরচর গ্রামের মো. আমীন (১৮)। দণ্ডপ্রাপ্ত ফরিদ শেরপুর কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী ও আমিন পেশায় ট্রাকের চালকের সহকারী।আজ মঙ্গলবার বিকেলে শেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজীব কুমার সরকার এ দণ্ডাদেশ দেন।আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফরিদ একই গ্রামের প্রতিবেশী ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীকে বিভিন্নভাবে প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করে আসছিলেন এবং ওই ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক আছে বলে বিভিন্ন স্থানে প্রচার করতে থাকেন।এ ঘটনায় ওই ছাত্রীর বাবা শেরপুর সদর থানা পুলিশে অভিযোগ দায়ের করলে পুলিশ ফরিদ উদ্দিনকে আজ ভোরে গ্রেপ্তার করে। অন্যদিকে সদর উপজেলার নামা শেরীরচর গ্রামের আমিন একই গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন এবং বিয়ের প্রস্তাব দিতেন। কিন্তু ওই ছাত্রীর অভিভাবক প্রস্তাব প্রত্যাখান করলে আমিন ছাত্রীর বাড়িতে গিয়ে তার অভিভাবককে নানা ধরনের হুমকি দেন। এ ঘটনায় ছাত্রীর মা সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ আজ ভোরে আমিনকে গ্রেপ্তার করে। আজ বিকেলে শেরপুর জেলা শহরের গৃদা নারায়ণপুর এলাকায় (সদর থানার সম্মুখে) ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে ফরিদ ও আমিন তাঁদের দোষ স্বীকার করেন। পরে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট দণ্ডবিধির ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে মো. ফরিদ উদ্দিন ও মো. আমিনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত ওই দুই যুবককে আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালত থেকে সরাসরি শেরপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।