শেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
পারিবারিক কোন্দলের জের ধরে শেরপুর জেলা শহরের ঢাকলহাটি এলাকায় গতকাল মঙ্গলবার রাতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহতের নাম হাসান আলী (৪৫)। তিনি ঢাকলহাটি মহল্লার আমান আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে ছোট ভাই ভ্যানচালক আনসার আলীর (৪০) সঙ্গে চুরির ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই হাসান আলীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আনসার আলী তাঁর হাতে থাকা দা দিয়ে হাসানকে কুপিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত হাসানের স্ত্রী বুলবুলি বেগম বাদী হয়ে আনসার আলীকে আসামি করে হত্যা মামলা করেছেন। ঘটনা পর থেকে হাসান পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।