শেরপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ৪ নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদগাহ মাঠের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. আবদুল মজিদ (৬৫) নামের এক বৃদ্ধ কৃষিজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজন নারীকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্রীবরদী উপজেলার শৈলারপাড় গ্রামের জামে মসজিদ ঈদগাহ মাঠের জমি নিয়ে স্থানীয় মো. ইয়ানুছ আলীর সঙ্গে মসজিদ কমিটির বিরোধ চলে আসছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য গতকাল বিকেল চারটার দিকে মসজিদ কমিটির লোকজন একজন আমিন ডেকে এনে বিরোধপূর্ণ জমিটি পরিমাপ করার উদ্যোগ নেন। এ সময় ইয়ানুছ আলী ও তাঁর পরিবারের লোকজন জমি পরিমাপে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আবদুল মজিদ গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ বলেন, এ ঘটনায় নিহত আবদুল মজিদের ছেলে মো. নজরুল ইসলাম বাদী হয়ে ইয়ানুছ আলীকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মামলার প্রধান আসামি ইয়ানুছ আলীর স্ত্রী অজুফা খাতুনসহ শৈলারপাড় গ্রামের কামরুন্নাহার, ইয়ারুন্নেছা বেগম ও রহিমা খাতুনকে গ্রেপ্তার করেছে।