শেরপুরে জামায়াতের জেলা নেতাসহ আটক ৯
শেরপুরে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবদুল বাতেনসহ নয়জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে শেরপুর সদর থানা পুলিশ ও নালিতাবাড়ি থানা পুলিশ তাদের আটক করে। তাঁদের বর্তমানে সদর থানা হেফাজতে রাখা হয়েছে।আটক বাকি আটজন হলেন আনোয়ার হোসেন, সাইফুল্লাহ, মারুফ হাসান, শামীম হাসান, আইয়ুব আলী, রফিকুল ইসলাম নামে দুজন ও মনিরুজাজান।সদর থানা উপপরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে গত বুধবার জেলা শহরে বিক্ষোভ মিছিল করে দলটি আতঙ্ক ও ত্রাস সৃষ্টির চেষ্টা করে। এ অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।আজ দুপুরে তাঁদের শেরপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।