শেরপুরে জামায়াতের নেতাসহ ছয়জন জামিনে মুক্ত
নারী নীতির প্রতিবাদে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি আহূত হরতালকে সামনে রেখে আজ রোববার ভোরে গ্রেপ্তার হওয়া ছয়জন জামিনে মুক্তি পেয়েছেন।বিকেলে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মিয়া মোহাম্মদ আলী আকবার আজিজী জামিন মঞ্জুর করে তাঁদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন।জামিন পাওয়া ব্যক্তিরা হলেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর মজলিশে শুরার সদস্য আবদুল জলিল, শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, সহকারী সুপার মাওলানা সিদ্দিক আহমেদ, পূর্বশেরী মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আজিজুল হক, তেরাবাজার মাদ্রাসার কর্মচারী খলিলুর রহমান ও সৈয়দ আহমদ।শেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, কাল সোমবারের হরতালে আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের আশঙ্কায় ওই ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।পুলিশ সুপার আরও জানান, তেরাবাজার মাদ্রাসা থেকে নারী নীতির প্রতিবাদ-সংক্রান্ত ৩২০টি পোস্টার ও প্রচারপত্র জব্দ করা হয়েছে।প্রস্তাবিত নারীনীতির প্রতিবাদে কাল সোমবারের ডাকা হরতালকে সামনে রেখে আজ রোববার ভোরে শেরপুরে জামায়াতের নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর মজলিশে শুরার সদস্য আবদুল জলিল, শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, সহকারী সুপার মাওলানা সিদ্দিক আহমেদ, পূর্বশেরী মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আজিজুল হক, তেরাবাজার মাদ্রাসার কর্মচারী খলিলুর রহমান ও সৈয়দ আহমদ। বর্তমানে তাঁদের শেরপুর সদর থানার হেফাজতে আটক রাখা হয়েছে।এদিকে আটককৃত জামায়াত নেতা ও ইসলামী চিন্তাবিদদের মুক্তির দাবিতে আজ সকালে তেরাবাজার মাদ্রাসার বিপুলসংখ্যক ছাত্র শেরপুর জেলা শহরে এক মিছিল বের করে। পরে তাদের পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। শেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান আজ দুপুর ১২টায় প্রথম আলোকে জানান, কাল সোমবারের হরতালে আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের আশঙ্কায় ওই ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তেরাবাজার মাদ্রাসা থেকে নারীনীতির প্রতিবাদসংক্রান্ত ৩২০টি পোস্টার ও প্রচারপত্র জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি বলে তিনি জানান।