শেরপুরে জামায়াতের নয়জন নেতা-কর্মী গ্রেপ্তার
আসন্ন দুর্গাপূজায় নাশকতামূলক কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টি করবে এমন সন্দেহে আজ মঙ্গলবার ভোরে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর নয়জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মো. আবদুল জলিল ও নুরুজ্জামান বাদল; ঝিনাইগাতি উপজেলা জামায়াতের আমির মো. নুরুন্নবী ও সেক্রেটারি আবদুল হাকিম; নালিতাবাড়ি উপজেলার জামায়াতকর্মী মোস্তফা ফারুক ও খায়রুল ইসলাম এবং শেরপুর সদরের মো. জুয়েল, কফিনউদ্দিন, মোকাররম হোসেন। আজ মঙ্গলবার ভোরে শেরপুর জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাগরাকসা এলাকায় আবদুল জলিলের বাসভবনে বৈঠককালে ওই নয়জনকে গ্রেপ্তার করে। শেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান আজ দুুপুরে প্রথম আলোকে বলেন, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. পারভেজ বাদী হয়ে ওই নয়জন নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগ এনে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।আজ বিকেলে তাঁদের শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হবে।