শেরপুরে ডাকাতি ও খুনের দায়ে ৭ জনের যাবজ্জীবন
শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বাজারে ডাকাতি ও খুনের দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্তরা হলেন—সূর্য্যদী এলাকার জিয়াউদ্দিন, বিদ্যুত্ মিয়া ও আবদুস ছামাদ, জঙ্গলদী নয়াপাড়া এলাকার আবদুল কুদ্দুছ ও মোশারফ হোসেন এবং জামালপুর জেলার ফকিরপাড়ার মুকুল মিয়া ও সরিষাবাড়ীর গারাডোবা এলাকার সুজন ওরফে সেজনু ওরফে চান মিয়া। সাজাপ্রাপ্তদের মধ্যে আবদুল কুদ্দুছ কারাগারে। বাকিরা পলাতক।আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ১০ জুলাই শেরপুর সদরের সূর্য্যদী বাজারে সোনালী ব্যাংকের শাখায় ডাকাতি শেষে রাত দুইটার দিকে ২০-২৫ জনের সশস্ত্র ডাকাত ভীমগঞ্জ বাজারে ককটেল ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তারা বাজারের বিভিন্ন দোকান থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ এক লাখ ৭৭ হাজার টাকা লুট করে। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ডাকাতদের গুলিতে নজম আলী নামের একজন ঘটনাস্থলেই নিহত ও ১০-১২ জন আহত হয়। এ ঘটনায় ভীমগঞ্জ বাজারের ব্যবসায়ী আবদুল খালেক খাজা বাদী হয়ে জিয়ার উদ্দিন ও বিদ্যুত্ মিয়াসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম তদন্ত শেষে ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মজদুল হক মিনু। আসামি পক্ষের আইনজীবী ছিলেন নারায়ণ চন্দ্র হোড়।