শেরপুরে ড্রেজার মেশিনে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের করতোয়া নদী থেকে বালু উত্তোলনের ফলে কৃষ্ণপুর গ্রামের শতাধিক ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। উপজেলা প্রশাসনের কাছে গ্রামবাসী একাধিকবার অভিযোগ জানিয়েও উপকার পায়নি।সরেজমিন গেলে ওই গ্রামের মফিজ উদ্দিন ও আব্দুল আজিজ জানান, এলাকার প্রভাবশালী জনৈক জিয়া দীর্ঘদিন ধরে নদী থেকে ড্রেজার মেশিনের সাহায্যে বালু তোলায় কালী মন্দির, বটবৃক্ষ, ধানি জমি এবং একটি সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বালু উত্তোলন করায় গ্রামের ভেতরের সড়কসহ প্রায় শতাধিক ঘরবাড়ি ও জমিজমা হুমকির মুখে পড়েছে। গ্রামের জুড়ান আকন্দ, মো. রাঙ্গা, তোফাজ্জল হোসেন বলেন, ‘গ্রামবাসীর সমস্যা নিয়ে একাধিকবার জনপ্রতিনিধির কাছে শরণাপন্ন হয়েছি। গ্রামের নারী-পুরুষ সম্মিলিতভাবে নদীর পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছি এবং উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ পর্যন্ত জানিয়েছি। কিন্তু তাতে গ্রামবাসীর কোনো উপকার হয়নি। বরং বালু উত্তোলনকারীরা আরও বেপরোয়া হয়ে নদীতে ড্রেজার মেশিন বেশি করে বসিয়ে বালু তুলছে।’ একই গ্রামের গৃহিণী সাবিত্রী দাস জানান, বালু তোলার প্রতিবাদ করায় তাঁকে ওই গ্রাম থেকে বিতারিত হতে হয়েছে। ফিরোজ আলী ও আয়েজ উদ্দিন জানান, সরকারি উদ্যোগে যদি বালু উত্তোলন বন্ধ না করা হয়, তাহলে আগামী বর্ষায় গ্রামের বহু পরিবারকে ভূমিহীন হিসেবে পরিণত হতে হবে।বালু উত্তোলনকারী মো. জিয়া জানান, সরকারিভাবে বালু মহল ডাকের মাধ্যমে নদী থেকে বালু তুলেছেন। এ ছাড়া তিনি নিজের জমি থেকে বালু তুলেছেন। বালু উত্তোলনে ড্রেজার মেশিন ব্যবহারের কারণ জানতে চাইলে তিনি জানান, ব্যবসায়িক কারণেই মেশিন ব্যবহার করতে হয়েছে। তবে বর্তমানে তিনি বালু উত্তোলন বন্ধ রেখেছেন বলে দাবি করেন।উপজেলা ভূমি অফিসে কর্মরত সাইফুল ইসলাম জানান, শেরপুরের বালু মহল সরকারিভাবে ইজারা দেওয়া হলেও ড্রেজার মেশিনের সাহায্যে নদী থেকে বালু উত্তোলনের কোনো নির্দেশনা নেই। যারা ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছে, তা অবৈধ।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধান জানান, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, তা তাঁর জানা নেই। তিনি এ ব্যাপারে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।