শেরপুরে তিনটি গ্রেনেড উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রাম থেকে তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার গোয়েন্দা পুলিশের একটি দল পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বাকাকুড়া গ্রামের একটি ডোবার পাশে কয়েক ফুট গর্ত করে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় এসব গ্রেনেড উদ্ধার করে। শেরপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সালাহউদ্দিন সিকদার প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার করা গ্রেনেড কোনো নাশকতামূলক কাজে ব্যবহারের জন্য সেখানে রাখা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। ২০১২ সালের ২৯ আগস্ট ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী তাওয়াকুচা এলাকা থেকে পুলিশ চাইনিজ রাইফেলের ১৫১টি গুলি, ২০১১ সালের ৯ মে বাকাকুড়া গ্রাম থেকে ৯৯৫টি গুলি, ১৭ মে গজনী এলাকা থেকে ৩৬৭টি গুলি, ২৯ জুলাই গজনী এলাকার একটি কালভার্টের নিচ থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ২৯০টি গুলি, ২৫ আগস্ট বড় গজনী গ্রাম থেকে চাইনিজ রাইফেলের ১ হাজার ২১৯টি গুলি এবং ১৩ সেপ্টেম্বর বিজিবির সদস্যরা পশ্চিম গান্ধিগাঁও গ্রাম থেকে ২৫০টি গুলি উদ্ধার করেন। এ ছাড়া ২০১০ সালের ১৮ ডিসেম্বর কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের অছির উদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে পুলিশ চাইনিজ রাইফেলের ১৩ হাজার ৬৮০টি গুলি, ২৫ ডিসেম্বর বিজিবি ঝিনাইগাতী নকশি সীমান্ত ফাঁড়ির সদস্যরা বাকাকুড়া গ্রামের গারো পাহাড়ের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ৭টি মাইন, ১টি গ্রেনেড, ৯৭টি গুলি, মাইন বিস্ফোরক যন্ত্রপাতি ও ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার বিপুল পরিমাণ সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করে।