শেরপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় ৫ জন গ্রেপ্তার
শেরপুর সদর উপজেলার কামারেরচর কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভা শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রীর গাড়ি ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পরে তাঁদের কারগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, হাছেন আলী, মুসলিম, স্বপন মিয়া, শাখাওয়াত হোসেন ও আশরাফ আলী। তাঁরা সবাই শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের চর বাবনা গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার ভোরে পুলিশ এই পাঁচজনকে গ্রেপ্তার করে।জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ বিকেলে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরল আলম মোহাম্মদ নিপুর আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁদের শেরপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। শেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিমন্ত্রীর গাড়ি ভাঙচুরসহ সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি চেষ্টা অব্যাহত আছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত।প্রসঙ্গত, ১ ডিসেম্বর দুপুরে শেরপুর সদর উপজেলার কামারেরচর কলেজ মাঠে অনুষ্ঠিত এক জনসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে উপজেলা চেয়ারম্যানকে কথা বলার সুযোগ না দেওয়ায় উপজেলা চেয়ারম্যানের সমর্থক ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রীর ও সাংবাদিকদের দুটি গাড়ি ভাঙচুর হয়।এ ঘটনায় ২ ডিসেম্বর শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে সদর উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিনকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও তিন-চার শতাধিক ব্যক্তিকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন।