শেরপুরে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সংঘর্ষ, আহত ২৫
শেরপুর সদর উপজেলার কামারের চরে আজ বুধবার দুপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের উপস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগের কর্মী ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াসউদ্দিনসহ ২৫ জন আহত হয়েছেন। ইলিয়াসউদ্দিন শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি বলে জানা গেছে।পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান আজ শেরপুরের কামারের চর ইউনিয়নের ৬ নম্বর গ্রামে একটি বন্যা নিয়ন্ত্রণবাঁধ পরিদর্শনে গিয়েছিলেন। সেই বাঁধ পরিদর্শনের পর একটি জনসভায় তিনি ভাষণ দেন। জনসভার পরপরই স্থানীয় উপজেলা চেয়ারম্যান বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি তাতে অস্বীকৃতি জানান। এ সময় উপজেলা চেয়ারম্যানের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ভাঙচুর করলে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ বেধে যায়। এই ঘটনায় আহত ব্যক্তিদের শেরপুর জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।সংঘর্ষের ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াসউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি মন্ত্রী সাহেবকে এলাকার বন্যানিয়ন্ত্রণ সম্পর্কে কিছু কথা বলতে চেয়েছিলাম। কিন্তু আমার কথা মন্ত্রী শোনেননি। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠলে সংঘর্ষ বেধে যায়।’এদিকে শেরপুর-১ সদর আসনের সাংসদ আতিউর রহমান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘যখন আওয়ামী লীগ সরকার শেরপুরের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মকাণ্ড হাতে নিয়েছে, তখনই কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে এতে বাধা দেওয়ার চেষ্টা করছে। আজকের ঘটনা সেই চক্রান্তেরই অংশ।’