শেরপুরে প্রতিমন্ত্রীর গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিনকে সভামঞ্চে কথা বলার সুযোগ না দেওয়ায় গতকাল বুধবার তাঁর সমর্থকেরা পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানের গাড়িতে ভাঙচুর চালিয়েছেন। এ নিয়ে এর আগে চেয়ারম্যানের লোকজন ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমান, তিন সাংবাদিকসহ ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় প্রতিমন্ত্রী স্থানীয় কামারের চর কলেজে প্রায় এক ঘণ্টা আটকা পড়েন এবং চরপক্ষীমারীতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন বাতিল করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পানিসম্পদ প্রতিমন্ত্রী গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ৬ নম্বর চর গ্রামে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ ও কামারের চর বাজারসংলগ্ন ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এরপর প্রতিমন্ত্রী কামারের চর কলেজ মাঠে এক জনসভায় বক্তব্য দেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. খোরশেদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শেরপুর-১ আসনের আওয়ামী লীগের সাংসদ মো. আতিউর রহমান ও জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান। জনসভা শেষে প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সাংসদ আতিউর রহমানসহ আওয়ামী লীগের নেতারা বিশ্রাম নিতে কামারের চর কলেজের অধ্যক্ষের কক্ষে যান।এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ উদ্দিন জনসভামঞ্চের অদূরে কয়েক শ চরাঞ্চলবাসীর সামনে অভিযোগ করে বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত জনগণের দুঃখ-কষ্টের কথা প্রতিমন্ত্রীর কাছে বলার জন্য তিনি দুবার চেষ্টা করেন, কিন্তু প্রতিমন্ত্রী তাঁর কথা শোনেননি। জনসভামঞ্চেও তাঁকে (ইলিয়াছ) কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এতে তিনি ও চরাঞ্চলবাসী অপমানিত হয়েছেন। ইলিয়াছ উদ্দিনের অভিযোগ, স্থানীয় সাংসদ আতিউর রহমানের বিরোধিতার কারণে তিনি কথা বলার সুযোগ পাননি।উপজেলা চেয়ারম্যানের এ কথায় উপস্থিত চরাঞ্চলবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক উপজেলা চেয়ারম্যান ও তাঁর সঙ্গে থাকা কর্মী-সমর্থকদের ধাওয়া করে চেয়ার ছুড়ে মারেন। এতে চেয়ারম্যান ইলিয়াছ মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় চরাঞ্চলবাসী লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া করে। তারা সাংসদ আতিউর রহমান ও যুবলীগের সভাপতি হাবিবুর রহমানের বিচার দাবি করে স্লোগান দেয়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে স্থানীয় তিন সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হন। আর প্রতিমন্ত্রী প্রায় এক ঘণ্টা কামারের চর কলেজের অধ্যক্ষের কক্ষে আটকা পড়েন।আহত উপজেলা চেয়ারম্যানকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুপুর দেড়টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কামারের চর কলেজ থেকে প্রতিমন্ত্রী শেরপুর জেলা সদরে যাচ্ছিলেন। পথে বিক্ষুব্ধ চরাঞ্চলবাসী প্রতিমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে প্রতিমন্ত্রীকে বহনকারী পাজেরো জিপ (ঢাকা মেট্রো-ঘ-১৩-১৬১৯) ও সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাসের (সিলেট-ছ-১১-০২০১) কাচ ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান দিয়ে দুটি ফাঁকা গুলি ছোড়ে। হামলা ঠেকাতে গিয়ে পুলিশ সুপার আনিসুর রহমানও সামান্য আহত হন। উপজেলা চেয়ারম্যানের অভিযোগ সঠিক নয় দাবি করে সাংসদ আতিউর রহমান প্রথম আলোকে বলেন, ব্রহ্মপুত্র নদবেষ্টিত চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক যোগাযোগের উন্নয়নের জন্য সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রকল্প নিয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী গতকাল বাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে তা পুনর্নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ঠিক এ সময় উপজেলা চেয়ারম্যান চরাঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার জন্য এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছেন। পুলিশ সুপার আনিসুর রহমান গতকাল বিকেলে জানান, সরকারি কাজে বাধাদান ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার অভিযোগে শেরপুর সদর থানায় দুটি মামলার প্রক্রিয়া চলছে।শেরপুর সার্কিট হাউসে প্রথম আলোর এক প্রশ্নের জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, যারা যুদ্ধাপরাধের বিচার চায় না, তারাই বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করছে এবং তারাই তাঁর (প্রতিমন্ত্রী) গাড়িতে হামলা করেছে।