শেরপুরে বখাটের ছুরিকাঘাতে ছাত্রী আহতের ঘটনায় গ্রেপ্তার ৬
শেরপুরের নালিতাবাড়ীতে বখাটের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্রী আহতের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন—মাহমুদুল হক (২২), মনজুরুল হক (২০), মোহাম্মদ জাকারিয়া (২০), এমদাদুল হক (২৩), সেলিম মিয়া (২৪) ও এনামুল হক (২৪)। তাঁদের সবার বাড়ি নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। তবে মামলার প্রধান আসামি সোহেল মিয়া এখনো পলাতক আছেন। পুলিশ জানায়, গতকাল মধ্যরাতে শেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে একটি দল নিশ্চিন্তপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল গণি ছয়জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন মাদ্রাসাছাত্রীর অবস্থা এখনো অপরিবর্তিত আছে।প্রসঙ্গত, ৬ ডিসেম্বর সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে একজন মাদ্রাসাছাত্রীকে পার্শ্ববর্তী নিশ্চিন্তপুর গ্রামের বখাটে সন্ত্রাসী সোহেল মিয়া ও তাঁর সহযোগীরা ছুরিকাঘাতে গুরুতর আহত করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা সোহেলসহ আটজনকে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা করেন।