শেরপুরে বন্য হাতির হামলায় আদিবাসী নারী নিহত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী বড় গজনী এলাকায় আজ শনিবার ভোরে বন্য হাতির হামলায় মন্দিরা মারাক (২৮) নামের এক আদিবাসী নারী নিহত হয়েছেন। মন্দিরা মারাক বড় গজনী গ্রামের মারনাথ সাংমার স্ত্রী এবং দুই সন্তানের জননী। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ভোরে গারো পাহাড় থেকে এক দল বন্য হাতি বড় গজনী এলাকার লোকালয়ে নেমে আসে। এ সময় স্থানীয় লোকজন হাতির দলটিকে তাড়াতে গেলে একটি হাতি মন্দিরাকে শুঁড় দিয়ে প্যাঁচিয়ে মাটিতে আছড়ে ফেলে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে হাতির দল চলে গেলে স্থানীয় এলাকাবাসী মন্দিরার লাশ উদ্ধার করেন।ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মন্দিরার মরদেহের সত্কার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হবে।