শেরপুরে বাস খাদে, নিহত ৩
শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ার চর বাজার সংলগ্ন কড়ইতলা মোড়ে আজ শুক্রবার বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মোঃ সাঈদ (৪৫), পিতা- মকিম আলি, ভোলারচর নতুন গ্রাম, রৌমারি, কুড়িগ্রাম এবং হোসেন আলী (৩৫), পিতা- মফিজুল হক, বাউলপাড়া, রাজীবপুর, কুড়িগ্রাম। দুর্ঘটনায় আহতরা শেরপুর জেলা সদর হাসপাতাল, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, টাঙ্গাইলের কোনাবাড়ি থেকে কুড়িগ্রামের রৌমারিগামী যাত্রীবাহী বাস (কুষ্টিয়া-জ-১১-০০৩২) শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ার চর বাজার সংলগ্ন কড়ইতলা মোড়ে এসে একটি ভটভটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং এই হতাহতের ঘটনা ঘটে।