শেরপুরে বিএনপির বিরুদ্ধে ওলামা লীগের ইফতারি লুটের অভিযোগ
শেরপুরে বিএনপির কর্মীদের বিরুদ্ধে ইফতারসামগ্রী লুট করার অভিযোগ করেছে জেলা আওয়ামী ওলামা লীগ ও জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতি। আজ শনিবার রাত আটটার দিকে জেলা আওয়ামী লীগের চকবাজারে অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।জানা গেছে, আজ বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আওয়ামী ওলামা লীগ ও জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতি যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। একই সময়ে জেলা শিল্পকলা একাডেমীর পাশে নিপুণ কমিউনিটি সেন্টারে শেরপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে ওলামা লীগের সভাপতি আবদুর রাজ্জাক অভিযোগ করেন, সন্ধ্যা ছয়টার দিকে শেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনের বাসা থেকে দুটি ভ্যানে করে ইফতারসামগ্রীর ৬০০টি প্যাকেট নিয়ে শিল্পকলা একাডেমীতে আনা হচ্ছিল। এ সময় নিপুণ কমিউনিটি সেন্টারের সামনে বিএনপির একদল উচ্ছৃঙ্খল কর্মী একটি ভ্যান আটকে ওই ভ্যানে থাকা ৩০০ প্যাকেট ইফতারসামগ্রী লুট করে নেন। এতে অনেক আলেম-ওলামা ইফতার করা থেকে বঞ্চিত হন। এ ঘটনায় উপস্থিত নেতারা ও আলেম-ওলামারা বিএনপির বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।শেরপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ছাইফুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ইফতার শুরুর আগেই নিপুণ কমিউনিটি সেন্টারের একমাত্র ফটকটি বন্ধ করে দেওয়া হয়। ফলে বিএনপির কোনো নেতা-কর্মী ওলামা লীগের ইফতারের প্যাকেট লুট করার প্রশ্নই আসে না। কমিউনিটি সেন্টারের বাইরে রাস্তায় কোনো ঘটনা ঘটে থাকলে তার জন্য তাঁদের দলের কোনো দায়-দায়িত্ব নেই বলেও তিনি জানান।