শেরপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের সদর উপজেলায় আজ মঙ্গলবার ভোরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পশ্চিমকুমরী গ্রামে এ ঘটনা ঘটে। তাদের শিশুপুত্রও আহত হয়েছে। নিহতেরা হলেন মো. আব্দুল করিম (৪৮) ও তাঁর স্ত্রী মোছা. মরিয়ম বেগম (৩৫)। এ ঘটনায় আহত তাঁদের ছেলে মো. জসিম (৩) বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন আছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেহরি খেয়ে আজ ভোর পাঁচটার দিকে আব্দুল করিম মাছ ধরার জন্য বাড়ির কাছের একটি ডোবায় যায়। ওই ডোবার পানিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের একটি তারের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দীর্ঘসময় পরও স্বামী বাড়িতে ফিরে না আসায় স্ত্রী মরিয়ম ছেলেসহ ডোবার কাছে যান। স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশু জসিমকে উদ্ধার করে।শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মার্জিয়া বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।