শেরপুরে রাইফেলের ৯৯৫টি গুলি উদ্ধার, গ্রেপ্তার ২
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বাকাকুড়া গ্রাম থেকে পুলিশ আজ সোমবার ভোরে রাইফেলের ৯৯৫টি গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, চুরি, ছিনতাই ও ডাকাতি মামলার পলাতক আসামি মোহাম্মদ আলী (২৬) ও আশরাফুল ইসলামকে (৩০) গতকাল রোববার বিকেলে শেরপুর শহরের নয়আনি বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়ায় পুলিশ অভিযান চালায়। মাটির নিচে বস্তাভর্তি করে রাখা অবস্থায় পুলিশ রাইফেলের ৯৯৫টি গুলি উদ্ধার করে।পুলিশ জানায়, মোহাম্মদ আলী ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে। আর আশরাফুল একই উপজেলার দুপুরিয়া গ্রামের আবদুল হামিদের ছেলে।শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঁদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।