শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন সবজি ব্যবসায়ী ও ট্রাকের একজন সহকারী (হেলপার)। ঢাকা-বগুড়া মহাসড়কে ওই উপজেলার মির্জাপুর এলাকায় আজ সোমবার ভোর পাঁচটায় দুটি ট্রাকের সংঘর্ষে এই ঘটনা ঘটে।নিহত দুই ব্যক্তি হলেন, সবজি ব্যবসায়ী রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা পঞ্চাতপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০) ও ট্রাকের সহকারী অজ্ঞাতনামা (২০)।বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের পেছনে যাচ্ছিল একই অভিমুখী রংপুরের তারাগঞ্জ থেকে সবজিবোঝাই ট্রাক। এ সময় চালকেরা বেপরোয়া গতিতে চালানোর ফলে ওই দুই ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে সবজিবোঝাই ট্রাকের চালকের কেবিনে থাকা ওই দুজন কেবিন থেকে ছিটকে পড়েন মহাসড়কের ওপর। ঘটনাস্থলেই তাঁরা মারা যান। ট্রাক দুটি আটক করা হলেও চালকেরা পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।