দ্রুত বিচার আইনের মামলায়
শেরপুরে সাজাপ্রাপ্ত জেলা আমীরসহ জামায়াত-শিবিরের ৮ নেতা-কর্মীর জামিন
শেরপুরে বিক্ষোভ মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনের মামলায় সাজাপ্রাপ্ত জেলা আমিরসহ জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীর জামিন মঞ্জুর হয়েছে। গত ৩০ জুন শেরপুর জেলা শহরে এ মিছিল করার অভিযোগে এর আগে তাঁদের দুই বছর করে সাজা হয়েছিল। আজ বুধবার শেরপুরের জেলা ও দায়রা জজ এম মুরশীদ আলম বিকেলে এ জামিন মঞ্জুর করেন।জামিন পাওয়া ব্যক্তিরা হলেন: শেরপুর জেলা জামায়াতের আমির মো. শাহাদাত হোসাইন, নালিতাবাড়ী উপজেলার আমির আবদুল কাদের, উপজেলা সেক্রেটারি রুহুল আমীন, পৌর আমির আফছার উদ্দিন, শেরপুর সদর (পূর্ব) আমির আবদুল আউয়াল, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোশতাক আহমেদ, জামায়াতের কর্মী লাভলু মিয়া ও পরাগ মিয়া।আদালত সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে গত ৩০ জুন দণ্ডপ্রাপ্তরা জেলা শহরের মাই সাহেবা মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করেন। এ ঘটনায় শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সজীব খান বাদী হয়ে ওই দিনই দ্রুত বিচার আইনে শেরপুর সদর থানায় একটি মামলা করেন। গত ৩ অক্টোবর শেরপুরের দ্রুত বিচার আদালতের বিচারক নুরুল আলম মোহাম্মদ নিপু এ ঘটনায় অভিযুক্ত জামায়াত-শিবিরের উপরিউক্ত আট নেতা-কর্মীকে দ্রুত বিচার আইনে দুই বছর করে কারাদণ্ড দেন। ১৪ অক্টোবর দণ্ডপ্রাপ্ত আসামিরা এই রায়ের বিরুদ্ধে শেরপুরের জেলা ও দায়রা জজ এম মুরশীদ আলমের আদালতে আপিল করেন। আদালত আপিল গ্রহণ করে শুনানি শেষে আজ তাঁদের জামিন মঞ্জুর করেন।